জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহায়তায় হেল্প ডেস্ক বসিয়েছে শাখা ছাত্রদল ও ছাত্রশিবির। শনিবার (১৩ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে এ হেল্প ডেস্ক স্থাপন করেছে তারা।
ছাত্রদলের হেল্প ডেস্ক থেকে শিক্ষার্থীদের জন্য ব্যাগ ও মোবাইল সংরক্ষণ, তথ্য প্রদান, পানি বিতরণসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করা হয়। ভর্তি পরীক্ষা দিতে আসা সাফিন নামে এক পরীক্ষার্থী বলেন, ‘একটি হেল্প ডেস্ক থেকে সেটি পানি নিয়েছি। তারা বিভিন্নভাবে তথ্য দিয়ে আমাদের সাহায্য করেছেন। অচেনা একটা জায়গায় এ ধরনের তথ্য ভর্তি পরীক্ষার্থীদের জন্য অবশ্যই উপকারি।’
হেল্প ডেস্ক প্রসঙ্গে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরী বলেন, ‘ছাত্রদলের এই উদ্যোগ কেন্দ্রীয় নেতৃত্বের সার্বিক দিকনির্দেশনা এবং আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বার্থে এমন ইতিবাচক ও সহযোগিতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। সে কারণেই ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতায় এই হেল্প ডেস্কের আয়োজন করা হয়েছে।’
অন্যদিকে ইসলামী ছাত্রশিবিরের জবি শাখার হেল্প ডেস্ক থেকেও শিক্ষার্থীদের ব্যাগ ও মোবাইল সংরক্ষণ, প্রয়োজনীয় তথ্য প্রদান, ঘড়ি, পানি ও কলম বিতরণসহ নানা ধরনের সহযোগিতা করা হয়। যশোর থেকে আসা এক অভিভাবক বলেন, ‘আমরা তো এখানকার কিছু চিনি না। হেল্প ডেস্কের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের সাহায্য করছেন। আমাদের বসার জায়গা করে দিয়েছেন। কিছু প্রয়োজন হলে তাদের বলার সঙ্গে সঙ্গেই সেটা পাচ্ছি। এটা আসলেই ভালো একটা ব্যাপার।’
হেল্প ডেস্ক থেকে জবি ছাত্রশিবিরের সভাপতি ও অদম্য জবিয়ান ঐক্যের ভিপি পদপ্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ই-ইউনিটের পরীক্ষায় প্রায় এক হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। অনেক পরীক্ষার্থীর সঙ্গে তাঁদের অভিভাবকেরা এসেছেন, আবার অনেকে একাই এসেছেন। পরীক্ষার্থীদের সঙ্গে থাকা ব্যাগ ও ইলেকট্রনিকস ডিভাইস যেগুলো পরীক্ষার হলে নেওয়া নিষেধ সেগুলো রাখার ব্যবস্থা করেছি। একই সঙ্গে অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে এবং সার্বিক ব্যবস্থাপনায় শাখা ছাত্রশিবিরের দায়িত্বশীলরা নিয়োজিত আছেন। তাৎক্ষণিক প্রয়োজনের কথা বিবেচনায় শিক্ষার্থীদের জন্য পানি ও কলমের ব্যবস্থাও করা হয়েছে।’
‘ই’ ইউনিট তথা চারুকলা অনুষদের এ পরীক্ষাটি দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। জানা যায়, এবার ‘ই’ ইউনিটে মোট পরীক্ষার্থী সংখ্যা ১ হাজার ২৫১জন। পরীক্ষা হবে ৪৫ নম্বরের ব্যবহারিক ও ২৭ নম্বর থাকবে বহুনির্বাচনী প্রশ্নে।