বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে অস্ত্রের মুখে বিবৃতি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এসময় শাবিপ্রবিসহ সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভ সমাবেশ শিক্ষার্থীরা গুম-গ্রেফতার মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ছাত্রজনতা হত্যার বিচার দাবি করেন।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে প্রধান ফটক থেকে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। মিছিলটি আখালিয়ার বিজিবি ক্যাম্পের সামনে গিয়ে আবার প্রধান ফটকে ফিরে আসে।বিক্ষোভ সমাবেশে শাবিপ্রবির আন্দোলনকারী শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, আমাদের দাবি স্পষ্ট। শুরু থেকেই শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলাম। আমাদের আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ হামলা চালিয়েছে। আমাদের অনেক শিক্ষার্থীকে শহীদ করেছে। অনেকের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
দ্রুত এসব মামলা প্রত্যাহার করতে হবে। দোষী ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।তিনি আরও বলেন, আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে জিম্মি করে অস্ত্রের মুখে বিবৃতি দেওয়া হয়েছে। এ বিবৃতিকে শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে। আমাদের দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে।