রোববার (২ জুন) দিবাগত রাতে আক্কেলপুর পৌর শহরের পূর্ব আমুট্ট মহল্লার বাসায় এ চুরির ঘটনা ঘটে। চোরেরা বাসার দ্বিতীয় তলার গ্রিল ভেঙে বাসার ভেতর দ্বিতীয় তলার তিনটি কক্ষ ও নিচতলার দুটি কক্ষে ঢুকে আসবাবপত্র ভেঙে তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে।
সোমবার (৩ জুন) সকালে থানা-পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মাহফুজা সুলতানার ওই বাড়ি পরিদর্শন করেছে। পুলিশ চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে।
থানা-পুলিশ ও সংসদ সদস্যের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাহফুজা সুলতানা ঢাকায় থাকেন। তিনি তার এক প্রতিবেশীকে বাসা দেখভালের দায়িত্বে রেখেছিলেন। রোববার রাতে ওই প্রতিবেশীর ছেলে ও ছেলের বউ সংসদ সদস্য মাহফুজা সুলতানার বাড়ির নিচতলার একটি কক্ষে ছিলেন। সকালে তারা স্বামী-স্ত্রী ঘুম থেকে উঠে বাইরে ওয়াশরুমে যাওয়ার চেষ্টা করেন। তখন বাইরে থেকে তাদের ঘরের দরজা আটকানো দেখে তারা বিকল্প দরজা দিয়ে বাইরে এসে দেখেন, নিচতলার ঘরের দরজার ছিটকিনি ভাঙা ও ভেতরে আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে।