সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ধূমপান থেকেই ধীরে ধীরে মানুষ মাদকের দিকে ঝুঁকে পড়ে। তাই মাদক প্রতিরোধে ধূমপান নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে।রোববার দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রকাশ্যে ধূমপানের ক্ষেত্রে জরিমানার বিধান রয়েছে। তবে সেই আইন কতটা বাস্তবায়ন হচ্ছে, সেটিও দেখার বিষয়। অনেককে মোটরসাইকেল চালানোর সময় ধূমপান করতে দেখা যায়। আবার অনেকে রাস্তার পাশে দোকানের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে ধূমপান করেন। আইন অনুযায়ী এসব কর্মকাণ্ড নিষিদ্ধ। মন্ত্রী বলেন, প্রকাশ্যে ধূমপানের জন্য যদি ৫০, ১০০ বা ২০০ টাকা জরিমানা করা হয়। তাহলে মানুষের মধ্যে ধারণা তৈরি হবে যে এ কাজটি অপরাধ।
মাদক প্রতিরোধে স্থানীয় পর্যায়ে উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণে ওয়ার্ড বা ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা যেতে পারে। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে এসব কমিটি কাজ করতে পারে।
বাল্যবিবাহ প্রসঙ্গে সমাজকল্যাণমন্ত্রী বলেন, বাংলাদেশে এখনো ৫১ শতাংশ বাল্যবিবাহের প্রবণতা রয়েছে। বাল্যবিবাহ রোধে সবাইকে আরও সচেতন হতে হবে। তিনি বলেন, ২০ বছর বয়সের আগে সন্তান না নেওয়ার জন্য তরুণ-তরুণীদের উৎসাহিত করা প্রয়োজন। এতে মায়ের স্বাস্থ্য ভালো থাকবে এবং শিশুরও স্বাস্থ্য সুরক্ষিত থাকবে।
জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও সরকার দলীয় হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজ, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক প্রমুখ।