বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাতেই ইরানে কঠোর হামলা করা হবে: ট্রাম্প সাজেকে আটকা পড়েছেন ৬০০ পর্যটক, রিসোর্ট ভাড়া মওকুফের ঘোষণা নিউইয়র্কে একাধিক কূটনৈতিক বৈঠকে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে জুলাই শহীদের বাসায় ভাঙচুরের চেষ্টা, নারীসহ আটক ৬ চূড়ান্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লাইনআপ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি সমুদ্রকেন্দ্রিক নিরাপত্তা ও উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: চিফ হুইপ নুরুল ইসলাম মনি প্রাথমিক-মাধ্যমিক শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ টানা বৃষ্টিতে বান্দরবান ও কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতির অবনতির সতর্কতা ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১

নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত ঘোষণা আগামীকাল ,টিকিট পাচ্ছেন কারা?

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৯৭ টাইম ভিউ
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত ঘোষণা আগামীকাল ,টিকিট পাচ্ছেন কারা?

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত ৩৬ প্রার্থীর তালিকা সোমবার (২০ এপ্রিল) প্রকাশ করা হবে। এ লক্ষ্যে দলটির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড গত দুই দিনে প্রায় ৯০০ জন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করেছে।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাৎকারে দেশের ১০টি সাংগঠনিক বিভাগের প্রার্থীরা অংশ নেন। সাক্ষাৎকারে নারী নেত্রীরা বিগত আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা, ত্যাগ এবং দলের প্রতি অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি মনোনয়ন পাওয়া বা না পাওয়ার পর করণীয় সম্পর্কেও মতামত দেন এবং দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

দলীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১৮ এপ্রিল) সাক্ষাৎকারের শেষ দিনে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা। ওই দিন পাঁচ শতাধিক প্রার্থী সাক্ষাৎকার দেন।

এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) প্রথম দিনে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের ৩৭৮ জন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, ৯০০ জন মনোনয়নপ্রত্যাশীর মধ্য থেকে প্রথমে ৩০০ জনের একটি প্রাথমিক তালিকা করা হয়। এরপর সেখান থেকে যাচাই-বাছাই করে ৩৬ জনকে চূড়ান্ত করা হয়েছে। মনোনয়ন বোর্ডের পক্ষ থেকে ত্যাগী, পরীক্ষিত ও উচ্চশিক্ষিত নারী নেত্রীদের মূল্যায়নের আশ্বাস দেওয়া হয়েছে।

সম্ভাব্য তালিকায় আছেন যারা

দলীয় সূত্র জানায়, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন—মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, শেরপুর  থেকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়া ডা. সানসিলা জেবরিন পিয়াংকা, সংগীতশিল্পী কনকচাঁপা, বেবি নাজনিন, রিজিয়া পারভীন, সাবিরা নাজমুল, শাম্মী আক্তার, নিলোফার চৌধুরী মনি, রেহেনা আক্তার রানু, শিরীন সুলতানা, নেওয়াজ হালিমা আরলি, চৌধুরী নাদিরা আক্তার, হাসনা জসিম উদ্দীন মওদুদ, মাহমুদা হাবিবা, নাসিমা আক্তার কল্পনা, সানজিদা ইসলাম তুলি, বিথীকা বিনতে হুসাইন, আরিফা সুলতানা রুমা এবং মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুকসানা শাহনাজ, নাদিয়া পাঠান পাপন, ব্যারিস্টার শাকিলা ফারজানা, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, মহিলা দলের আন্তর্জাতিক সম্পাদক শামীমা আক্তার রুবী।

আলোচিতদের মধ্যে বাদ পড়তে পারেন যারা

সূত্র আরও জানিয়েছে, আলোচিত কয়েকজন নেত্রী মনোনয়ন ফরমই তোলেননি বা চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে পারেন। তাদের মধ্যে রয়েছেন সালাউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী সাবেক এমপি রুমানা মাহমুদ এবং স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

এ ছাড়া ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে পারেন বলে জানা গেছে। বিএনপির নেতারা জানিয়েছেন, মনোনয়নপ্রাপ্তরা অন্য নারী নেত্রীদের সঙ্গে নিয়ে সংসদে এবং দেশের উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশাই করছে দলটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর