শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের পোশাকের অর্ডার যাচ্ছে অন্য দেশে, সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ভারত তিতাস, আরপিজিসিএল ও বাপেক্সের এমডি পদে পরিবর্তন গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে: বিজিবি সরকারের সঙ্গে সংলাপের ভিত্তি হবে ‘জুলাই সনদ ও গণভোট’: জামায়াত জোট ট্রাম্প-পুতিনের বন্ধুত্ব হিটলারের সঙ্গে বন্ধুত্বের দাবি করার মতো: জেলেনস্কি সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১ পতিত স্বৈরাচার কোনো দিনই আর বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী সক্ষম ও সুসংগঠিত জাতি গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার তাগিদ সেতুমন্ত্রীর সয়াবিন তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে, ভাঙলো ২০২২ সালের রেকর্ড

বাংলাদেশের পোশাকের অর্ডার যাচ্ছে অন্য দেশে, সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ভারত

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩১ টাইম ভিউ
বাংলাদেশের পোশাকের অর্ডার যাচ্ছে অন্য দেশে, সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ভারত
ছবি-সংগৃহীত

শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া, জ্বালানি সংকট ও ক্রমবর্ধমান ব্যয়ের কারণে বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা কমছে। এর প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক বাজারেও।

চলতি নভেম্বরের প্রথম ১৮ দিনে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ এশিয়ার অন্য দেশগুলোতে সরিয়ে নিয়েছে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো। এসব ক্রয়াদেশের বড় অংশই পেয়েছে প্রতিবেশী ভারত। ফলে দেশের রপ্তানি আয়ের প্রধান এই খাত দীর্ঘমেয়াদি সংকটের মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। খবর রয়টার্স

দেশের অর্থনীতির প্রধান স্তম্ভ হিসেবে পরিচিত তৈরি পোশাক খাতের জন্য এটি একটি বড় ধাক্কা, যার প্রভাব বর্তমান অস্থিরতার সময়কাল ছাড়িয়ে দীর্ঘমেয়াদেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শিল্পনেতারা বলছেন, মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট এবং রাজনৈতিক অনিশ্চয়তা বাংলাদেশের স্বল্পব্যয়ে উৎপাদনের সেই সুবিধাকে দুর্বল করে দিয়েছে, যার ওপর ভর করে দেশটি চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক হয়ে উঠেছিল। ফলে বৈশ্বিক ব্র্যান্ডগুলো এখন বিকল্প উৎস খুঁজতে বাধ্য হচ্ছে। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্যমতে, সাম্প্রতিক বিক্ষোভে এ খাতে ৪০ কোটি ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে। উল্লেখ্য, দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি এবং উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থান এই শিল্পের ওপর নির্ভরশীল।

ক্রয়াদেশ সরে যাওয়ার এই ঘটনায় ভারত সবচেয়ে বেশি লাভবান হয়েছে। তবে সরবরাহ চেইনের ঝুঁকি কমাতে এবং সময়মতো পণ্য ডেলিভারি নিশ্চিত করতে ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন বলে শিল্পনেতারা জানিয়েছেন।

গত বুধবার সরকার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দেওয়ার পর এই চাপ আরও তীব্র হয়েছে। যদিও গত চার দশকের মধ্যে এটিই সর্বনিম্ন মজুরি বৃদ্ধির হার। ন্যূনতম মজুরি দ্বিগুণেরও বেশি করার দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলে পুলিশের সঙ্গে নতুন করে সংঘর্ষ বাধে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তরফদার মজুরি বৃদ্ধিকে ‘সন্তোষজনক’ উল্লেখ করে শনিবার থেকে সব শ্রমিক কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করলেও মাঠপর্যায়ের অস্থিরতা পুরোপুরি কাটেনি। শিল্পনেতাদের মতে, এই মজুরি বৃদ্ধির ফলে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমব্যয় সাশ্রয়ের সুবিধা আরও সংকুচিত হয়ে আসবে। অন্যদিকে শ্রমিক সংগঠনগুলোর দাবি, বৈশ্বিক পোশাক শিল্পের মানদণ্ডে এই মজুরি এখনো অনেক কম।

আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে কারখানা মালিকেরা জানান, চলমান অস্থিরতার কারণে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো তাদের ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে। আর এর সিংহভাগই পেয়েছে ভারত। এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছে জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স। আর এমঅ্যান্ডএস, এইচঅ্যান্ডএম ও সেলিও মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি।

রয়টার্সের এই প্রতিবেদন প্রকাশের পরপরই ভারতের বস্ত্র খাতের শেয়ারের দাম হু হু করে বাড়তে শুরু করে। দেশটির গোকলদাস এক্সপোর্টসের শেয়ারের দাম ১১ শতাংশ পর্যন্ত এবং ট্রাইডেন্টের শেয়ার প্রায় ৫ শতাংশ বেড়েছে। এ ছাড়া ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল এবং বর্ধমান টেক্সটাইলের মতো সম্ভাব্য লাভবান প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামও প্রায় ২ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে।

বিজিএমইএ পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি বৃদ্ধির পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ ও কাঁচামালের বাড়তি দাম উদ্যোক্তাদের ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে। তার ভাষায়, এমন এক সময়ে মজুরি বাড়াতে হলো, যখন ক্রেতারা পণ্যের দাম কমানোর চাপ দিচ্ছেন এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ না করলেও জানান, সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্যত্র সরে যাওয়াটা একদিকে যেমন আর্থিক ক্ষতি কমাতে সাহায্য করছে, তেমনি বৈশ্বিক ক্রেতাদের ধরে রাখতেও সহায়তা করছে।

তবে কারখানা মালিকদের বড় দুশ্চিন্তা হলো, একবার যে ক্রয়াদেশ সরে গেছে, ক্রেতারা নতুন উৎস মূল্যায়ন করতে শুরু করলে ভবিষ্যতের ব্যবসাও হাতছাড়া হয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্য সংকটের কারণে প্রকট হওয়া দীর্ঘস্থায়ী জ্বালানি সংকট উৎপাদন ব্যাহত করছে এবং অনেক কারখানাকে ব্যয়বহুল বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে বাধ্য করছে।

মহিউদ্দিন চৌধুরী জানান, সরবরাহকারী নির্বাচনের ক্ষেত্রে ক্রেতারা এখন দামের চেয়ে দ্রুত ডেলিভারি বা পণ্য পৌঁছানোর সময়কে বেশি গুরুত্ব দিচ্ছেন। নির্ধারিত সময়ের মধ্যে পণ্য পৌঁছানোর চাপে থাকলে ব্র্যান্ডগুলোর কাছে দাম গৌণ হয়ে দাঁড়ায়। তার তথ্যমতে, বাংলাদেশের চেয়ে ভারত প্রায় এক সপ্তাহ আগে এবং ভিয়েতনাম ও কম্বোডিয়া প্রায় ১৫ দিন আগে পণ্য ডেলিভারি দিতে পারে। প্রতিদ্বন্দ্বী দেশগুলো যেখানে ৬০ থেকে ৯০ দিনের মধ্যে উৎপাদন ও ডেলিভারি সম্পন্ন করতে পারে, সেখানে বাংলাদেশে সময় লাগে প্রায় ১২০ দিন।

চলমান অস্থিরতায় ঢাকা ও এর আশপাশের কারখানাগুলোতে আনুমানিক ২০ থেকে ২৫ কর্মদিবসের উৎপাদন ব্যাহত হয়ে বড় ধরনের জট বা ‘ব্যাকলগ’ তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে পণ্য পৌঁছাতে অনেক কারখানা এখন ওভারটাইম এবং ব্যয়বহুল আকাশপথে (এয়ার ফ্রেইট) পণ্য পাঠানোর কথা ভাবছে।

ইউরোপীয় ব্র্যান্ডগুলোতে পোশাক সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম জানান, অস্থিরতার কারণে নতুন ক্রয়াদেশ আসা বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, গত ১ নভেম্বর থেকে তার বেশির ভাগ ক্রেতা নতুন অর্ডার দেওয়া বন্ধ রেখেছেন এবং জানিয়েছেন যে আগের অর্ডারগুলো সরিয়ে নেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে অথবা বাতিল করে তারা বিকল্প ব্যবস্থা করে নিয়েছেন।

এর পাশাপাশি ভারত থেকে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক উত্তেজনাও ভবিষ্যতে নতুন করে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। শিল্পনেতারা মনে করছেন, আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখতে হলে দেশে স্থিতিশীলতা ফেরানো এবং নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা জরুরি। মহিউদ্দিন চৌধুরী সতর্ক করে বলেন, অস্থিরতার সুযোগে যেসব ক্রয়াদেশ অন্য দেশে চলে যাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলেও সেগুলো আর ফিরে নাও আসতে পারে। তার মতে, সাময়িক এই স্থানান্তর যেন দীর্ঘমেয়াদি সিদ্ধান্তে রূপ না নেয়, তার আগেই ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ ব্র্যান্ডগুলোর হাতে বিকল্প খোলা রয়েছে এবং অস্থিরতা চলতে থাকলে তারা বাংলাদেশের জন্য অপেক্ষা করবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর