অনলাইন ডেক্স : গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার অভিযোগে মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ও সেক্রেটারিসহ ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার কনকপুর ইউনিয়নের শাহবন্দর এলাকার জাকির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, সেক্রেটারি ইয়ামির আলী, সদর উপজেলা জামায়াতের আমির ফখরুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মোরশেদ চৌধুরী ও জেলা জামায়াতের সদস্য শেখ শাহাবুদ্দিন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে জনৈক জাকির হোসেনের বাড়িতে তারা গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে শুক্রবার কারাগারে পাঠায়।