বাগেরহাট শহরতলীতে বিএনপি নেতার গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) দুপুরে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রনবিজয়পুর গ্রামের নিজ বাড়ি থেকে খাটের ওপর বসা এবং গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত বিএনপি নেতার নাম কালাম চাকলাদার ( ৬০)। তিনি ষাট গম্বুজ ইউনিয়নের বিজয়পুর গ্রামের হাতেম আলী চাকলাদার ছেলে। তিনি উপজেলা বিএনপির সদস্য ছিলেন।
নিহতের আত্মীয় ইয়াসমিন বেগম জানান, ‘কালাম চাকলাদার স্ত্রী সন্তানদের থেকে আলাদা হয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। এক বছরের বেশি সময় ধরে তার স্ত্রী শিল্পী আক্তার সন্তান নিয়ে শহরে বসবাস করছেন। এ কারণে আমি দীর্ঘদিন ধরে কালাম চাকলাদারকে খাবার দিতাম। শনিবার সকালে খাবার দেয়ার জন্য তাকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। এরপর ঘরে এসে দেখি তার দরজা খোলা খাটের ওপর বসা এবং গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তার মরদেহ দেখে কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।’
তিনি আরও জানান, ‘জানালার সঙ্গে গলায় গামছা প্যাঁচিয়ে বসে আত্মহত্যা করতে পারে না। তিনি কিছুতেই আত্মহত্যা করেননি। আমরা এই হত্যার বিচার টাই।’
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরেফিন জানান, এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে।