প্রতিবছরের মতো এবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ঈদের নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২১ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৭টা থেকে শুরু হয়ে সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।
ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এই জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান এবং মুকাব্বির হিসেবে থাকবেন বায়তুল মোকাররম মসজিদের মুয়াজ্জিন ক্বারি ইসহাক। এরপর সকাল ৮টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় জামাত। এতে ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান এবং মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের চিফ খাদেম মো. নাসির উল্লাহ।সকাল ৯টায় অনুষ্ঠিতব্য তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ এবং মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন খাদেম মো. রুহুল আমিন। চতুর্থ জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সাংস্কৃতিক বিভাগের উপপরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন এবং মুকাব্বির থাকবেন খাদেম মো. আব্দুল হাদী।রপর সকাল ১০টা ৪৫ মিনিটে পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী এবং মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম মো. আমির হোসেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোনো কারণে নির্ধারিত এই পাঁচটি জামাতের মূল ইমাম উপস্থিত থাকতে না পারলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম। আর বিকল্প মুকাব্বির হিসেবে প্রস্তুত থাকবেন মসজিদের খাদেম মো. শামসুল হক।