রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :

বিদেশনির্ভর রাজনীতির বিরুদ্ধে ভিপি সাদিক কায়েমের হুশিয়ারি

সিলেট (কোম্পানীগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১০৪ টাইম ভিউ

সিলেটের কোম্পানীগঞ্জে ছাত্র ও যুব সমাবেশে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, “লন্ডনের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না।”

শনিবার (২৯ নভেম্বর) দুপুরের উত্তাল সমাবেশে তিনি এই বক্তব্য দেন। ভিপি সাদিক কায়েম বলেন, দেশের রাজনৈতিক গতিপথ নির্ধারণ করবে এই দেশের মানুষ—কোনো বিদেশি শক্তি নয়। তিনি সতর্ক করে বলেন, “নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী কাঠামোর কোনো জায়গা নেই। এটা হবে জনগণের বাংলাদেশ।”

তিনি আরও বলেন,

“বস্তা-পঁচা রাজনীতির দিন শেষ। কেউ যদি আবার ফ্যাসিবাদের পথে দেশকে ঠেলে দিতে চায়, তার পরিণতি হবে হাসিনার চেয়েও ভয়াবহ।”

দেশের রাজনীতি জনগণের ইচ্ছা ও গণতান্ত্রিক চর্চার ভিত্তিতে পরিচালনার ওপর জোর দিয়ে তিনি বিদেশনির্ভর রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান জানান। সমাবেশের শেষ দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট-৪ আসনে জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদীন। উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাশুক উদ্দিন, সিলেট মহানগর শিবির সভাপতি শাহীন আহমদ, জেলা পশ্চিমের সভাপতি জুবায়ের আহমদ, সেক্রেটারি তোফায়েল আহমদ, উপজেলা যুব জামায়াত সভাপতি ইকবাল হোসেন ইমাদ, এবং শিবির সভাপতি মইনুল ইসলাম প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর