রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :

বিশ্ব মৃত্তিকা দিবস উৎযাপনে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের সচেতনতা কার্যক্রম

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ টাইম ভিউ

পৃথিবীতে জীবনের অস্তিত্ব মাটির ওপর গভীরভাবে নির্ভরশীল। আমাদের খাদ্যের ৯৫ শতাংশেরও বেশি উৎপাদিত হয় এই মাটিতেই। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় ১৮টি প্রাকৃতিক উপাদানের মধ্যে ১৫টিই মাটি সরবরাহ করে। কিন্তু জলবায়ু পরিবর্তন, অবিবেচনাপ্রসূত চাষাবাদ ও মানুষের বিভিন্ন কার্যকলাপের কারণে দেশের বিভিন্ন স্থানে দ্রুত মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে। মাটিক্ষয় যেমন প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে, তেমনি পানির অনুপ্রবেশ কমিয়ে দেয় এবং খাদ্যশস্যের পুষ্টিমানেও নেতিবাচক প্রভাব ফেলে।

এ অবস্থায় টেকসই মাটি ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। সঠিক মাটি ব্যবস্থাপনা মাটিক্ষয় ও দূষণ কমায়, পানির সঞ্চয় ক্ষমতা বাড়ায়, জৈববৈচিত্র্য রক্ষা করে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে। মাটি নিয়ে আলোচনা হলেই আমরা সাধারণত গ্রাম বা কৃষিজগতকে ভাবি; কিন্তু শহরের মাটিও আধুনিক জীবনের জন্য সমান গুরুত্বপূর্ণ- এ বিষয়টিই সামনে এনেছে বিশ্ব মৃত্তিকা দিবস ২০২৫-এর প্রতিপাদ্য “সুস্থ শহরের জন্য স্বাস্থ্যকর মাটি”।

এ প্রতিপাদ্যকে ধারণ করে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন দেশজুড়ে ব্যাপক সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে। কৃষক, কৃষি কর্মকর্তা ও সাধারণ মানুষের মাঝে মাটির স্বাস্থ্য, টেকসই চাষাবাদ ও নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে ধারণা দিতে সংগঠনটি ২১৫টি উপজেলায় কৃষক সমাবেশ, বিশেষজ্ঞ মতবিনিময়, মাটি পরীক্ষা, প্রদর্শনীসহ নানামুখী কর্মসূচি পরিচালনা করে।

কোম্পানীগঞ্জ উপজেলায় দিবসটি উপলক্ষে উপজেলার কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন ও তাঁর সহকর্মীদের সঙ্গে মতবিনিময় হয়। বিশ্ব মৃত্তিকা দিবসের গুরুত্ব ও প্রতিপাদ্য সম্পর্কে তাঁদের অবহিত করা হয়, যাতে তাঁরা এলাকায় কৃষকদের আরও কার্যকরভাবে সচেতন করতে পারেন।

এ আলোচনায় স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ মো. জিল্লুর রহমান এবং মাঠ পর্যায়ের অন্যান্য সহকর্মীবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর