ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকায় ইটের রেলিং ভেঙে পড়ে নিহত লক্ষ্মীপুরের বাসিন্দা আব্দুর রহিম (৫০) ও তার ছেলে মেহেরাব হোসেন রিমনের (১৩) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের আস-সুন্নাহ মাদরাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়েছে। এর আগে ভোরে বাবা-ছেলের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন আত্মীয়-স্বজন।
বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, আব্দুর রহিম ও তার ছেলে রিমনের মৃত্যু আমাদের ইউনিয়নের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাদের চলে যাওয়া আমাদের সকলকে শোকাহত করেছে। দোয়া করি, আল্লাহ যেন তাদের দু’জনকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আল্লাহ যেন শোকসন্তপ্ত পরিবারকে এ কঠিন মুহূর্ত অতিক্রম করার শক্তি দান করেন। আমরা সবসময় তাদের পরিবারের পাশে আছি।