স্টাফ রিপোর্টার মোঃ নজরুল ইসলাম খান : হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে আন্দিউড়ায় বাসের ধাক্কায় সজীব রায় (৩৫) নামে ১ মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার সকাল
সাড়ে ১০ টার সময় এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, নিহত মোটর সাইকেল চালক ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে
নিজ গ্রামে যাচ্ছিলেন। আন্দিউড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে মোটর সাইকেল থেকে
ছিটকে পড়ে গিয়ে সজীব রায় গুরুতর আহত হন। পথচারীরা সজীব রায়কে দ্রত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। মাধবপুর উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, গুরুতর আহত অবস্থায় সজীব রায়কে হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা
সংকটাপন্ন দেখে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেওয়ার পথে বাহুবলের কাছে তার মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের পেট্রল টিমের সাব ইন্সপেক্টর রুহুল ইসলাম অজ্ঞাত বাসের ধাক্কায় মোটর সাইকেল চালকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তবে বাসটিকে শনাক্ত করা সম্ভব হয়নি বলেও তিনি জানিয়েছেন।