অনলাইন ডেক্স : নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর দশম দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে রাজধানীসহ সারাদেশে ৮টি যানবাহনে অগ্নিসংযোগ করেছে দৃর্বৃত্তরা। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত থেকে বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত এই অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এছাড়াও সারাদেশে বিভিন্ন স্থানে অবরোধ সমার্থনে বিক্ষোভ মিছিল করেছেন দলের নেতাকর্মীরা।
গত ২৮ অক্টোবার থেকে টানা অবরোধ ও হরতাল দিয়ে যাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো। আগামী রোবরার দেওয়া হয়েছে মানববন্ধনও। তবে এসব কর্মসূচিতে জনজীবনে তেমন কোনো প্রভাব না পড়লেও নিয়মিতই চোড়াগোপ্তাভাবে বিভিন্ন স্থাপনা ও যানবাহনে অগ্নিসংযোগ করা হচ্ছে। এদিকে গত ২৮ অক্টোবারের সহিংসতা শুরুর দিন থেকে বুধবার পর্যন্ত ২৬২টি অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার বিকেলে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, বুধবার সকাল সাড়ে ৮টায় খিলগাঁওয়ের তালতলা এলাকায় অগ্রণী ব্যাংকের স্টাফ বাস বিআরটিসিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকাল ১০টা ৪৫ মিনিটে গাজীপুরের কাপাসিয়া এলাকার চাঁদপুর বাজার রোডে প্রাণ গ্রুপের একটি কাভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। বিকেল ৪টা ৫০ মিনিটে খিলগাঁওয়ে মানিকনগর চৌরাস্তা এলাকায় একুশে এক্সপ্রেস পরিবহনের ৩টি বাসে একসঙ্গে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়াও মঙ্গলবার রাত ২টায় ১০ মিটিটে রামপুরার আফতাব নগর এলাকায় ১টি বাসে ও গাইবান্ধা ও শেরপুরে ২টি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচাল কমান্ডার খন্দকার আল মঈন বলেন, অগ্নিসংযোগ, ভাংচুর ও নাশকতার ঘটনায় বুধবার ৮ জনকে গ্রেফতার করেছে র্যাব। এনিয়ে গত ২৮ অক্টোবার থেকে বুধবার পর্যন্ত সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত ৮৪২ জনকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়াও চলমান অবরোধে সহিংসতা ও নাশকতা প্রতিরোধ ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র্যাবের ১৩০টি টহলদলসহ সারাদেশে ৪২২টি টহল দল মোতায়েন রয়েছে।
এদিকে বুধবার সকালে বিএনপিসহ সমমনা দলগুলোর নেতাকর্মীরা অবরোধ সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল, নাটোরের সিংড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, ফরিদপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও ভোলায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিলসহ সারাদেশের জেলা শহরগুলোতে ঝটিকা বিক্ষোভ মিছিলের খবর পাওয়া যায়। এছাড়াও জামায়েতের নেতাকর্মীরা রাজধানীর ফার্মগেট, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, রামপুরা, কাফরুল এলাকায় অবরোধ সমর্থনে মিছিল ও পিকেটিং করেন।