ঢাকার সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার পলাতক আসামি যুবদল নেতার আশ্রয় থাকা সাবেক ইউপি চেয়ারম্যান বদরুল আলম সরদারকে গ্রেপ্তার করেছে র্যাব।গ্রেপ্তার বদরুল আলম সরদার জামালপুর জেলার মাদারগন্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ১নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার সাভারের হেমায়েতপুর থেকে র্যাব-৪ গ্রেপ্তারের পর রাতেই সাভার মডেল থানায় হস্তান্তর করেন।
ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে পর আত্মগোপনে সাভার হেমায়েতপুরে ঢাকা জেলা যুবদল নেতার ও তেতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াছিন শাওন সরকারের আশ্রয়ে ছিলেন। শাওন সরকার সাভার উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকারের ভাতিজা। সম্প্রতি সাভারে বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানো ঘটনার অর্থ যোগানদাতা ছিলেন গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা বদরুল আলম এমন তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অনলাইনে ডাকা শাটডাউন কর্মসূচি চলাকালীন সাভারের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অর্থ জোগানদাতা ছিলেন গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা বদরুল আলম সরদার। আওয়ামী লীগ নেতা ও ছাত্র হত্যা মামলার আসামি বদরুল আলম সরদারের আশ্রয়দাতা তেতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শাওন সরকারের কাছে এ বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার ফোন করলে তিনি রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে খুঁদে বার্তা পাঠালে তিনি এই প্রসঙ্গে কিছুই জানেন না বলে জানান।
কিন্তু আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার বদরুলের সাথে যুবদল নেতা শাওন সরকারের ফুলের শুভেচ্ছা বিনিময় ও সেলফির একাধিক ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই বিষয়টি ভাইরাল হওয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে স্থানীয় বিএনপি ও যুবদল নেতাকর্মীরা।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা বলেন, বদরুল আলম সরদারকে র্যাব গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভারে এক ছাত্র হত্যা মামলার আসামি। তাকে ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরো মামলা ও বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্ত হচ্ছে।