রাজধানীর মিরপুরে নিজ বাসা থেকে সানজিদা ইসলাম মিম (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রেমঘটিত অভিমানের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১০ নম্বর এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সানজিদা ইসলাম মিম বরগুনার চাঁদখালী এলাকার সাখাওয়াত মৃধার মেয়ে। তিনি পরিবারের সঙ্গে মিরপুরে ভাড়া বাসায় বসবাস করতেন এবং মিরপুর ইংরেজি ভার্সন স্কুল ও কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের ভাই সাখাওয়াত হোসেন জানান, তার বোন মেধাবী ছাত্রী ছিলেন। পরিবারের অগোচরে এক তরুণের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্ক নিয়ে অভিমান করে শনিবার সকালে নিজের ঘরের দরজা বন্ধ করে দেন মিম। দীর্ঘ সময় সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।