রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অলিমদ্দিন সরদার পাড়া অবস্থিত ব্রিজটি দিয়ে যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে ঝুঁকিতে রয়েছে এলাকাবাসী সহ আগত যানবাহন ও পথচারীরা।
এদিকে রাতের আঁধারে ওই ব্রিজ দিয়ে ছোট-বড় যানবাহন চলাচল করে। এলাকাবাসী বিষয়টি পৌর কর্তৃপক্ষকে অবগত করলে ব্রিজের পাশে পৌর কর্তৃপক্ষ একটি সিমেন্টের খুঁটি পুঁতে দেয় যাতে করে ট্রাক অথবা অন্যান্য বড় যানবাহন চলাচল করতে না পারে। কিন্তু খুঁটিটি ভেঙে যাওয়ায় আবারো ঝুঁকির সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজ সংলগ্ন একটি বৈদ্যুতিক তারের খুঁটি রয়েছে। খুঁটির গোড়ায় মাটি নেই। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। ব্রিজটি ঘেঁষে পৌর ওয়াসার পানির পাইপ চলে গেছে। পানির পাইপও ঝুঁকিতে রয়েছে।
বেশ কয়েকজন এলাকাবাসী বলেন, রমজান মাস চলছে। আর কয়েকদিন পর ঈদ। ঈদের মধ্যে মহাসড়কে বড় গাড়ির চাপ থাকায় খানখানাপুর হয়ে রাজবাড়ী শহরে যাত্রীবাহী অটো, মাহিন্দ্র চলাচল করে এই ব্রিজ দিয়ে। এতে করে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এলাকাবাসী দাবি করে বলেন, অতি দ্রুত উপজেলা প্রশাসনের এদিকে নজর দেয়া উচিত। ব্রিজটি ঈদের আগেই মেরামত করার জোর দাবি জানান এলাকাবাসী।
এ ব্যাপারে গোয়ালন্দ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বলেন, ইতিমধ্যে ব্রিজটির ব্যাপারে আমি শুনেছি। ব্রিজটি নতুন টেন্ডার করে নতুন করে প্রস্তুত করা প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, আমরা পৌরসভার মধ্যে ১০ কোটি টাকার একটি প্রজেক্ট পাশ করার জন্য উদ্ধর্তন কতৃপক্ষকে অবগত করেছি। আশা করছি প্রজেক্ট পাশ হলে পৌরসভার মধ্যে অধিকাংশ কাজ সমাপ্ত হবে।