শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু ঢাবির দুই সাংবাদিককে মারধরের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন ইরান চাইলে একটি ভালো ও চৌকস চুক্তিতে পৌঁছাতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ২০২৫ সালে বাংলাদেশে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটিরও বেশি মানুষ নেত্রকোনায় জামায়াত এমপি’র গাড়িতে হামলা, এলাকায় উত্তেজনা প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, নিয়েছেন চিকিৎসা সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার আগে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ জরুরি: মাহদী আমিন দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু এরপর দিল্লি জয় করব’, মমতার চ্যালেঞ্জ হেসে উড়িয়ে দিলেন অমিত শাহ রাতে পাকিস্তানে আসতে পারে ইরানের প্রতিনিধি দল

২০২৫ সালে বাংলাদেশে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটিরও বেশি মানুষ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১২ টাইম ভিউ
২০২৫ সালে বাংলাদেশে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটিরও বেশি মানুষ

বড় ধরনের দুর্যোগ না ঘটা, মূল্যস্ফীতি হ্রাস এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির কারণে ২০২৫ সালের শুরুতে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হলেও দেড় কোটির বেশি মানুষ ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার’ মধ্যে ছিল।

এছাড়া বন্যা এবং মানবিক সহায়তা হ্রাসের কারণে বাংলাদেশের দুটি জেলায় আশ্রিত রোহিঙ্গাদের খাদ্য পরিস্থিতির অবনতি ঘটেছে।

জাতিসংঘ, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি) এবং ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি মানবিক সহায়তা সংস্থার তথ্যের ভিত্তিতে গ্লোবাল নেটওয়ার্ক এগেইনস্ট ফুড ক্রাইসিস শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।

‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস’ (জিআরএফসি) শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশে প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্যহীনতায় ছিল, যা গবেষণার আওতাভুক্ত জনসংখ্যার ১৭ শতাংশ।

এর মধ্যে ১ কোটি ৫৬ লাখ মানুষের খাদ্য নিরাপত্তাহীনতা ছিল ‘সংকটজনক পর্যায় ৩’-এ এবং ৪০ লাখ মানুষের পরিস্থিতি ছিল ‘জরুরি পর্যায় ৪’-এ। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে তীব্র খাদ্যহীনতায় থাকা মানুষের সংখ্যা প্রায় ৭৬ লাখ বা ৩২ শতাংশ কমেছে। তবে চরম আবহাওয়াসহ নানা কারণে এ পরিস্থিতি ধরে রাখা চ্যালেঞ্জ হবে বলে প্রতিবেদনে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।

খাদ্য নিরাপত্তার অভাব তীব্র হয়ে দেখা দিয়েছে এমন ১০টি দেশের তালিকায় বাংলাদেশও রয়েছে। অন্য দেশগুলো হলো আফগানিস্তান, কঙ্গো, মিয়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া ও ইয়েমেন। সংঘাত ও চরম আবহাওয়া পরিস্থিতির কারণে অনেক দেশে সংকট অব্যাহত থাকবে বা আরও খারাপ হবে বলে প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ ও সিরিয়ার মতো কিছু দেশে খাদ্য পরিস্থিতি কিছুটা উন্নত হলেও আফগানিস্তান, কঙ্গো, মিয়ানমার ও জিম্বাবুয়েতে তা উল্লেখযোগ্যভাবে অবনতি হয়েছে। বাংলাদেশকে ‘মাঝারি মাত্রার পুষ্টি সংকটের’ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রতিবেদনে। সবচেয়ে বেশি পুষ্টি সংকটে থাকা পাঁচটি দেশ হলো ফিলিস্তিনের গাজা, দক্ষিণ সুদান, সুদান, আফগানিস্তান ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।

খাদ্য ও পুষ্টি পরিস্থিতিতে উন্নতি হলেও জোরপূর্বক বাস্তুচ্যুতির সূচকে অবনতি হয়েছে বাংলাদেশের। জিআরএফসি প্রতিবেদন অনুযায়ী, সর্বাধিক সংখ্যক জোরপূর্বক বাস্তুচ্যুতির শিকার হওয়া ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। শীর্ষে রয়েছে সুদান ও সিরিয়া। বাংলাদেশের পরে আছে কঙ্গো, নাইজেরিয়া ও মিয়ানমার।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের ৪৭টি দেশ ও অঞ্চলে প্রায় ২৬ কোটি ৬৬ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে ছিল। এর মধ্যে ১৪ লাখ মানুষ চরম অনাহার বা দুর্ভিক্ষের সমতুল্য ‘বিপর্যয়কর’ (পর্যায় ৫) স্তরে পৌঁছেছে। ইতিহাসে প্রথমবারের মতো একই বছরে দুটি দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে — ফিলিস্তিনের গাজা উপত্যকা ও সুদান। এছাড়া দক্ষিণ সুদান ও ইয়েমেনের কিছু অংশেও দুর্ভিক্ষের উচ্চ ঝুঁকি রয়েছে।

খাদ্য ও পুষ্টি সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সাহায্য দ্রুত কমে যাওয়া এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এই সংকট আরও গভীর করতে পারে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। একদিকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে, অন্যদিকে কৃষি মৌসুমে সার উৎপাদনের খরচও বেড়েছে। জিআরএফসিকে খাদ্য ও পুষ্টি নিরাপত্তাহীনতা, সংঘাত এবং বাস্তুচ্যুতির মতো বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান হিসেবে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

প্রতিবেদনের মুখবন্ধে তিনি বলেন, এই প্রতিবেদন জীবন রক্ষাকারী সহায়তায় বিনিয়োগ দ্রুত বৃদ্ধির জন্য রাজনৈতিক সদিচ্ছা জাগ্রত করার এবং সংঘাতের অবসান ঘটাতে কাজ করার একটি আহ্বান, যা অগণিত মানুষের জীবনে সীমাহীন দুর্ভোগ বয়ে আনছে। সূত্র:ভিবি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর