সুন্দরবনে কাঁকড়া ধরার সময় গুলিতে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় বনবিভাগের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ এনে কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচ বনকর্মী আহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকালে খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান।নিহত জেলে আমিনুর রহমান (৪৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার আকসেদ গাজীর ছেলে।
ওসি খালেদুর রহমান সাংবাদিকদের বলেন, “গুলিতে বনজীবী নিহত হওয়ার পর বনবিভাগের কার্যালয়ে এলাকাবাসীর হামলার খবরে সেখানে এসআই অনিরুদ্ধের নেতৃত্বে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। তিনি বলেন, “আমি সাতক্ষীরা সদরে ওসিদের সমন্বয় সভায় ছিলাম। সেখান থেকে ঘটনাস্থলের রওয়ানা দিয়েছি।”
এ বিষয়ে জানতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান বিকালে বলেন, “গ্রামবাসী ও জেলেরা কার্যালয়ে হামলা করেছে। এতে বনবিভাগের পাঁচজন আহত হয়েছেন। তাদের জরুরি ভিত্তিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
আহতরা হলেন- ফরেস্টার শেখ মো. ফারুক আহমেদ (৫৫), এফজি মো. মেজবাউল ইসলাম (৪০), এফজি ফয়জুর রহমান, এফজি আজাদুল ইসলাম এবং আউটসোর্সিং কর্মী এখলাছুর রহমান।
এ ব্যাপারে সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান বিকালে বলেন, “কাদের গুলিতে জেলে নিহত হয়েছেন এখনও সেটা আমরা নিশ্চিত হতে পারিনি। আমি স্পিডবোটে ঘটনাস্থলের পথে। বনবিভাগ তা নিশ্চিত হতে ব্যাপক কার্যক্রম শুরু করেছে।”
প্রত্যক্ষদর্শী জেলেদের দাবি, সকালে তারা শতমুখি খালে কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বনবিভাগের খুলনা স্মার্ট পেট্রোল দল তাদের নৌকাকে লক্ষ্য করে সংকেত দেয়। তবে জেলেরা তাৎক্ষণিকভাবে কাছে না গেলে বনকর্মীরা গুলি ছোড়েন বলে অভিযোগ তাদের। এতে আমিনুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। জীবিকার তাগিদে বনে যাওয়া জেলেদের ওপর এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তারা। সেইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি করেছেন।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, এ বিষয়ে খুলনার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও), সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক (এসিএফ), শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় থানাকে অবহিত করা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চেয়ারম্যানকে জানিয়েছেন।