জুলাই গণঅভ্যুত্থান নিয়ে পোস্টের পর সাসপেন্ড শাওনের ফেসবুক অ্যাকাউন্ট, দাবি ঘনিষ্ঠজনের
এস.এ.এম সুমন
আপডেটের সময় :
সোমবার, ৬ জুলাই, ২০২৬
২৯
টাইম ভিউ
বিনোদন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সমালোচনার মধ্যে পড়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এরই মধ্যে তার ফেসবুক অ্যাকাউন্টটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা না মিললেও, শাওনের ঘনিষ্ঠজন ও লেখক তামান্না সেতুর দাবি—বিপুলসংখ্যক রিপোর্টের কারণে ফেসবুক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি সাসপেন্ড করেছে।
রোববার (৫ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তামান্না সেতু জানান, শাওনের অ্যাকাউন্টটি ব্যবহারকারীদের ব্যাপক রিপোর্টের পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, বিতর্কিত পোস্টটি শাওন নিজে মুছে দেননি। এ তথ্য তিনি ব্যক্তিগতভাবে অভিনেত্রীর কাছ থেকেই জেনেছেন বলেও উল্লেখ করেন।
এদিকে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মেহের আফরোজ শাওনসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রাষ্ট্র সংলাপ ফোরামের নেতারা অভিযোগে দাবি করেন, এসব বক্তব্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে।
তবে পুরো বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মেহের আফরোজ শাওনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাও অ্যাকাউন্টটি সাসপেন্ড হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেনি। ফলে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার বিষয়টি আপাতত শাওনের ঘনিষ্ঠজনের দাবির ভিত্তিতেই জানা গেছে; এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনও মেলেনি।