যুক্তরাষ্ট্রের দূতাবাস, ঢাকা জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রদান ২১ জানুয়ারি থেকে স্থগিত রয়েছে। দূতাবাসের ভাষ্য অনুযায়ী, অভিবাসীদের একটি অংশ যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সহায়তার ওপর বেশি নির্ভরশীল হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১১ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দূতাবাস এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের স্বার্থ রক্ষার দায়িত্ব সরকারের রয়েছে। তাই অভিবাসীরা যেন অনুপযুক্তভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন এবং সরকারি সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে না পড়েন, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দূতাবাস আরও জানায়, ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই স্থগিতাদেশের মাধ্যমে বিদ্যমান যাচাই-বাছাই নীতিমালা ও প্রক্রিয়াগুলো পর্যালোচনার সুযোগ তৈরি হয়েছে। এর লক্ষ্য হলো অভিবাসন-সংক্রান্ত সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পর্যালোচনা শেষে ভবিষ্যতে ভিসা কার্যক্রম সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী জানানো হবে।