মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

তিতপল্লায় গেস্ট হাউজের আড়ালে অবৈধ নারী ও মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন

সাকিব আহমেদ,জামালপুর প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২০ টাইম ভিউ
সাকিব আহমেদ,জামালপুর প্রতিনিধি

জামালপুরের তিতপল্লা ইউনিয়নে গেস্ট হাউজের আড়ালে পরিচালিত অবৈধ নারী ও মাদক ব্যবসা বন্ধ এবং এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (২৬ জুলাই) দুপুরে তিতপল্লা, মাঞ্জরীপাড়া ও শাহবাজপুর রাস্তার মোড় এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। তিতপল্লা ইউনিয়নবাসীর উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

স্থানীয় সূত্রের দাবি, গত ২৫ জুলাই শাহবাজপুর মোড়ে লেবু মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি অবৈধ নারী ব্যবসা ও মাদকের আস্তানার বিষয়ে স্থানীয়রা জানতে পারেন। অভিযোগ রয়েছে, সেখানে হেরোইন, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকসংক্রান্ত অপরাধ সংঘটিত হতো। পরে স্থানীয়দের সহযোগিতায় কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এই ঘটনার প্রতিবাদ এবং পুরো ইউনিয়নে এ ধরনের অবৈধ কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের দাবিতে স্থানীয় জনগণের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা আজগর আলী, মো. হেলাল উদ্দিন, রোকুনুজ্জামান, মিজানুর রহমান, ইউনিয়ন পরিষদের সদস্য সবুজ মিয়া, মহিলা দল নেত্রী রুকসানা বেগম, সোহরাব আলীসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।

বক্তারা কর্মসূচি থেকে কয়েকটি দাবি তুলে ধরেন। সেগুলো হলো—

  • গেস্ট হাউজের আড়ালে পরিচালিত সব ধরনের অবৈধ ব্যবসা স্থায়ীভাবে বন্ধ করা।
  • মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা।
  • সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
  • তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা।
  • একটি নিরাপদ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং তিতপল্লা ইউনিয়নকে মাদক ও অপরাধমুক্ত করতে প্রশাসনের দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর