জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, হারানো কার্ড পুনরায় উত্তোলন এবং ভোটার-সংক্রান্ত বিভিন্ন সেবার ফি পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ফি কাঠামো অনুযায়ী এনআইডির তথ্য সংশোধন, হারানো কার্ড উত্তোলন, রাজনৈতিক দল নিবন্ধন এবং তথ্য যাচাইসহ বিভিন্ন সেবার জন্য আগের তুলনায় নির্ধারিত হারে ফি পরিশোধ করতে হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় নতুন ফি তালিকা মাঠপর্যায়ে পাঠানো হয়েছে।নতুন নির্দেশনা অনুযায়ী, এনআইডির দৃশ্যমান তথ্য (যেমন নাম, জন্মতারিখ, ঠিকানা ইত্যাদি) সংশোধনের ক্ষেত্রে প্রথমবার আবেদন করতে ভ্যাটসহ ২৩০ টাকা, দ্বিতীয়বার ৩৪৫ টাকা এবং পরবর্তী প্রতিবার ৪৬০ টাকা ফি দিতে হবে। অন্যদিকে, অভ্যন্তরীণ তথ্য-উপাত্ত সংশোধনের জন্য প্রথমবার ১১৫ টাকা, দ্বিতীয়বার ২৩০ টাকা এবং পরবর্তী প্রতিবার ৩৪৫ টাকা (ভ্যাটসহ) নির্ধারণ করা হয়েছে।
হারিয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্র পুনরায় উত্তোলনের ক্ষেত্রেও নতুন ফি নির্ধারণ করা হয়েছে। সাধারণ আবেদনের ক্ষেত্রে প্রথমবার ১০০ টাকা, দ্বিতীয়বার ৩০০ টাকা এবং পরবর্তী প্রতিবার ৫০০ টাকা দিতে হবে। আর জরুরি ভিত্তিতে কার্ড তুলতে প্রথমবার ৩০০ টাকা, দ্বিতীয়বার ৫০০ টাকা এবং পরবর্তী প্রতিবার ১,০০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এসব ফি’র সঙ্গে অতিরিক্ত ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে।
এ ছাড়া নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করেছে কমিশন। নির্বাচনী দলিলপত্র পরিদর্শন বা কপি সংগ্রহ এবং ভোটার তালিকার সার্টিফায়েড কপি পেতে ১০০ টাকা করে ফি দিতে হবে। শুধুমাত্র ভোটার তালিকা পরিদর্শনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। ছবিবিহীন ভোটার তালিকার সিডি সংগ্রহ করতে চাইলে প্রতি ইউনিয়ন, সিটি করপোরেশন বা পৌর ওয়ার্ডের জন্য ৫০০ টাকা করে পরিশোধ করতে হবে।
এনআইডি তথ্য যাচাই সেবার ক্ষেত্রেও নতুন ফি কাঠামো নির্ধারণ করেছে ইসি। সরকারি সংস্থা ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের জন্য এককালীন নিবন্ধন ফি ৫ লাখ টাকা এবং বার্ষিক নবায়ন বা সাব-ইউজার ফি ১ লাখ টাকা রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রতিটি তথ্য যাচাইয়ের জন্য ২ টাকা করে দিতে হবে।
অন্যদিকে, বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এককালীন নিবন্ধন ফি ৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রথম ৭০টি সাব-ইউজারের জন্য প্রতিটির ফি ৪ হাজার টাকা এবং অতিরিক্ত প্রতিটি সাব-ইউজারের জন্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রতিটি এনআইডি তথ্য যাচাইয়ের জন্য ৫ টাকা করে পরিশোধ করতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, মাঠপর্যায়ে এনআইডি ও ভোটার-সংক্রান্ত সেবা আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও কার্যকর করতে নতুন এই ফি কাঠামো কার্যকর করা হয়েছে।