বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে রেকর্ড ভাঙা লোডশেডিং, গরমে বিপর্যস্ত জনজীবন ছয় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ভোটার তালিকা নিয়ে প্রকাশ রাজের অভিযোগ, ‘নাম মুছে দেওয়া হয়েছে’; কর্তৃপক্ষের দাবি, ‘শিফটেড’ হিসেবে চিহ্নিত রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি শরীরের যত্নে যেসব মসলা কাফরুল থানা ছাত্রদলের ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪ চাকরি যাচ্ছে বিপ্লব কুমারসহ ৫ পুলিশ কর্মকর্তার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বৈঠক ডেকেছেন সিইসি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা বলছে দিল্লি নকলায় এসএসসিতে চার বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা

চাকরি যাচ্ছে বিপ্লব কুমারসহ ৫ পুলিশ কর্মকর্তার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৪ টাইম ভিউ
চাকরি যাচ্ছে বিপ্লব কুমারসহ ৫ পুলিশ কর্মকর্তার
ছবি-সংগৃহীত

কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা ও পলায়নের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পাঁচ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন শিগগির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।বরখাস্তের তালিকায় থাকা অন্য কর্মকর্তারা হলেন মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নথি অনুযায়ী, পাঁচ কর্মকর্তার বিরুদ্ধেই অনুমোদিত ছুটি শেষে কর্মস্থলে যোগ না দেওয়া এবং দীর্ঘ সময় অননুমোদিতভাবে অনুপস্থিত থাকার অভিযোগে বিভাগীয় মামলা হয়। তাদের অনুপস্থিতির সময় ৬০ দিনের বেশি হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

বিভাগীয় মামলায় তাদের বিরুদ্ধে বিধিমালার ৩(খ) ও ৩(গ) অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ আনা হয়। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তারা কোনো জবাব দেননি। পরে তদন্ত কর্মকর্তা নিয়োগ করে অভিযোগের বিষয়ে তদন্ত করা হয়।

তদন্ত শেষে পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এরপর তাদের চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের বিষয়েও দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও কোনো জবাব পাওয়া যায়নি।

পরবর্তী সময়ে তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় বরখাস্তের সিদ্ধান্ত বহাল রাখা হয়। গুরুদণ্ড আরোপের বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ চাওয়া হলে কমিশন তাদের চাকরি থেকে বরখাস্ত করা যেতে পারে বলে মত দেয়।

এরপর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য বিষয়টি উপস্থাপন করা হয়। রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পরই বরখাস্ত-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নথি অনুযায়ী, বিপ্লব কুমার সরকার বর্তমানে সাময়িক বরখাস্ত হয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। মো. গোলাম রুহানী সাময়িক বরখাস্ত হয়ে পলাতক। সুদীপ কুমার চক্রবর্তীও সাময়িক বরখাস্ত হয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। রাজন কুমার দাস সাময়িক বরখাস্ত ও পলাতক। আর মো. ইকবাল হোসাইন সাময়িক বরখাস্ত হয়ে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রয়েছেন।

এদিকে পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে গুরুতর অভিযোগও উঠেছে। বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক মানবতাবিরোধী অপরাধের মামলা ও অভিযোগ রয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে দমন-পীড়নের ঘটনায় এসব অভিযোগ আনা হয়েছে।

সুদীপ কুমার চক্রবর্তী ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় রাজধানীর চানখাঁরপুলে ছাত্র-জনতা হত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পেয়েছেন বলে নথিতে উল্লেখ রয়েছে।

রাজন কুমার দাস ২০২৪ সালের জুলাইয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ ও গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অন্যদিকে, ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার মো. ইকবাল হোসাইনের বিরুদ্ধেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলা চলমান রয়েছে বলে জানা গেছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার একটি কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

পাঁচ কর্মকর্তার চাকরিচ্যুতির ক্ষেত্রে অবশ্য বিভাগীয় মামলায় প্রমাণিত অভিযোগ হিসেবে কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতি ও পলায়নের বিষয়টিই উল্লেখ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর