রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র শিশুকে ধর্ষণের অভিযোগে খিলক্ষেত থানা ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা তারানা হালিমের খোঁজে গুলশানের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু : প্রধানমন্ত্রী আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ-কর্মবিরতি, ৮০ কারখানায় ছুটি প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম ট্রলারে টেকনাফ ফিরেছেন সেন্ট মার্টিনে আটক পর্যটকদের একাংশ অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

পাগলা মসজিদে ৫১ বস্তা টাকা ও এক বস্তা চিঠি, সঙ্গে মিলল সোনার চামচ-বাটি

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩৪ টাইম ভিউ
পাগলা মসজিদে ৫১ বস্তা টাকা ও এক বস্তা চিঠি, সঙ্গে মিলল সোনার চামচ-বাটি
ছবি-সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানসিন্দুকে এবার ৫১ বস্তা টাকার পাশাপাশি পাওয়া গেছে এক বস্তা চিঠি ও চিরকুট। এসব চিরকুটে উঠে এসেছে মানুষের নানা ব্যক্তিগত আকুতি, দীর্ঘশ্বাস এবং প্রার্থনার কথা। কোনো চিরকুটে দেখা গেছে ইউরোপ যাওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ায় দালালের প্রতারণার বিচার চাওয়ার আকুতি, আবার কোনোটিতে রয়েছে প্রিয় মানুষের ভালোবাসা ও তাকে আপন করে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। কেউবা চিরকুটে লিখেছেন সুন্দর হওয়া কিংবা রোগমুক্তির বাসনা, আবার কেউ পছন্দের ব্যক্তিকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।

দীর্ঘ চার মাস ২৪ দিন পর আজ পাগলা মসজিদের মোট ১৫টি সিন্দুক খোলা হয়। সিন্দুক থেকে প্রাপ্ত চিরকুট এবং স্বর্ণালংকার আলাদা করার পর সকাল সাড়ে সাতটা থেকে টাকা গণনার কাজ শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, এই গণনা শেষ হতে রাত ১০টা বেজে যেতে পারে।

দানবাক্স থেকে পাওয়া একটি চিঠিতে একজন ব্যক্তি ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের প্রতারণার শিকার হওয়ার করুণ কাহিনী বর্ণনা করেছেন। হারানো টাকার বেদনা, প্রতারকদের দৃষ্টান্তমূলক বিচার এবং নিরাপদ বিদেশযাত্রার আকুতি জানিয়ে তিনি আল্লাহর কাছে বিচার চেয়েছেন। চিঠিতে ওই ব্যক্তি লিখেছেন, তাঁর ইউরোপযাত্রা যেন সহজ ও নিরাপদ হয়। বাংলাদেশে ইউরোপের সব দেশের দূতাবাস ও ভিসা-সেবা নিশ্চিত করার পাশাপাশি কোনো বিদেশগামী যেন দালালের প্রতারণার শিকার না হন, সে জন্যও আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তিনি। চিঠির শেষে ওই ব্যক্তি নিজের পরিচয় দিয়েছেন ‘একজন প্রতারিত বিদেশগামী’।

আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে এক প্রেমিকের লেখা চিরকুটে। সেখানে তিনি লিখেছেন, ‘এই জীবনে আমি তোমাকে কখনো ভুলতে পারব না স্বর্ণা।’ চিঠির শেষে স্বর্ণার মনে জায়গা পাওয়ার আকুতি জানিয়ে লেখা হয়েছে, ‘আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন, আমিন।’

আরেকটি দীর্ঘ চিঠিতে একজন ব্যক্তি তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চেয়েছেন। ওই ব্যক্তির অভিযোগ, তাঁর ২০ মাস বয়সী সন্তান শ্যালকের হাতে নির্যাতনের শিকার হয়েছে। এছাড়া তাঁর স্ত্রী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩ লাখ ৫৬ হাজার টাকা সরিয়ে নিয়েছেন এবং প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার আত্মসাৎ করা হয়েছে। সব মিলিয়ে ওই ব্যক্তির দাবি, শ্বশুরবাড়ির লোকজনের কারণে তাঁর আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১৯ লাখ ২৫ হাজার টাকা। এসব ঘটনায় বিচার এবং নিজের হারানো সম্পদ ফিরে পাওয়ার আশায় তিনি পাগলা মসজিদে দান করে আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছেন।

দানবাক্সে চিঠি ও চিরকুট জমা দেওয়ার এই প্রবণতা প্রসঙ্গে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, অল্প সময়ে মসজিদের দানবাক্স ভরে যাওয়ার কারণে এবার আরও দুটি দানবাক্স স্থাপন করা হয়েছিল। আগে যেখানে ১৩টি ছিল এবার সেখানে ১৫টি বাক্স। তবে চিঠি চিরকুট এসবের কারণে দানবাক্সে জায়গার সংকট হয়। এ ছাড়া এসব বিব্রতকর চিঠি কাউকে দানবাক্সে না দিতে প্রতিবারই বলা হচ্ছে। এসব অহেতুক চিঠির কারণে টাকা গণনায় ব্যাঘাত ঘটার পাশাপাশি গণনা সংশ্লিষ্ট লোকদের সময়ও নষ্ট হয়।

উল্লেখ্য, পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকারের পাশাপাশি পাওয়া গেছে সোনার একটি বাটি ও চামচ। এই বিষয়টি উপস্থিত সবার মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। অনেকেই সেই সোনার চামচ ও বাটির ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবারই অনেক স্বর্ণালংকার মিললেও এবারই প্রথম সোনার বাটি আর চামচ পাওয়া গেছে।

এর আগে চলতি বছরের ২৭ জুন ছয় মাস পর (১৮২ দিন) মসজিদের দানবাক্সগুলো খুলে ৪৩ বস্তা থেকে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল। টাকার পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া গিয়েছিল। কর্তৃপক্ষ প্রত্যাশা করছে, এবারের প্রাপ্তি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।

টাকা, সোনা-রুপা ও বিভিন্ন দেশের মুদ্রা ছাড়াও এই মসজিদে নিয়মিত হাঁস-মুরগি, গরু-ছাগলসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র দান করেন বিভিন্ন জেলা থেকে আসা অসংখ্য মানুষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর