গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ ও বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। এতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার সন্ধ্যায় জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এরই জেরে রাতে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় এক পক্ষ অপর পক্ষকে ধাওয়া করে। সংঘর্ষ চলাকালে সড়কে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। জানতে চাইলে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।