সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দেশজুড়ে গ্যাস সংকট আরও তীব্র, চরম দুর্ভোগে গ্রাহক ও শিল্প খাত সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা ডিপজলের বিরুদ্ধে মামলা, তদন্তে ডিবি এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ালেন ইসরাইলপন্থি জেলেনস্কি অবশেষে জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী পরীক্ষাব্যবস্থা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা নরেন্দ্র মোদির জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ পুলিশ সদস্য ইরানে বড় হামলার পরিকল্পনা থেকেও শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন ট্রাম্প

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের

বিনোদন ডেস্ক: 
  • আপডেটের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৩ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

অবশেষে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের। দীর্ঘদিন ধরে বাংলাদেশে কাজ করার গুঞ্জন থাকলেও নানা কারণে তা বাস্তবায়ন হয়নি। তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটছে। পরিচালক মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’ দিয়ে প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

সম্প্রতি সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মধুমিতা। গল্প ও চরিত্র সম্পর্কে জানার পরই কাজটির প্রতি আগ্রহ তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি। কলকাতা থেকে দেওয়া এক প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেন, বাংলাদেশের দর্শকদের সামনে নতুনভাবে হাজির হতে পেরে তিনি ভীষণ উচ্ছ্বসিত। বহুদিন ধরেই বাংলাদেশে কাজ করার ইচ্ছা ছিল, অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।

মধুমিতা জানান, সিনেমাটির গল্প এবং তার চরিত্র দুটিই বেশ ব্যতিক্রমী। কলকাতায় নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও এমন চরিত্রে আগে কখনো কাজ করেননি। চরিত্রটির বিভিন্ন স্তর ও নাটকীয়তা তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।

জানা গেছে, ‘গুলশানের চামেলি’ নির্মিত হচ্ছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে। গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলায় বারবার শিকার হন। প্রচলিত নায়কনির্ভর গল্পের বাইরে গিয়ে পুরো সিনেমাটি আবর্তিত হবে একজন নারীকে ঘিরে।

সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বর বা ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে। তবে মধুমিতার বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

বাংলাদেশে আসা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে মধুমিতা বলেন, বাংলাদেশের দর্শকদের ভালোবাসা তিনি বহু বছর ধরেই অনুভব করছেন। জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’ প্রচারের সময় থেকেই বাংলাদেশের দর্শকদের সাড়া পেয়েছেন তিনি। তার ভাষায়, আজ তিনি যে অবস্থানে পৌঁছেছেন, তার পেছনে বাংলাদেশি দর্শকদের ভালোবাসারও বড় অবদান রয়েছে। তাই তাদের সঙ্গে সরাসরি দেখা করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

বাংলাদেশের নাটক, ওয়েব কনটেন্ট ও চলচ্চিত্রও নিয়মিত দেখেন এই অভিনেত্রী। তার পছন্দের তালিকায় রয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’, ‘টেলিভিশন’ ও ‘থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার’, পাশাপাশি গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’। বাংলাদেশের শিল্পীদের প্রশংসা করে তিনি বলেন, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর অভিনয় তার ভীষণ পছন্দ। ভবিষ্যতে তাদের সঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন। পাশাপাশি সুযোগ পেলে দেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গেও অভিনয় করতে চান বলে জানান তিনি।

ছোট ও বড়—দুই পর্দাতেই সমান জনপ্রিয় মধুমিতা সরকার। ‘বোঝে না সে বোঝে না’, ‘কেয়ার করি না’ এবং ‘চিনি’-সহ একাধিক কাজের মাধ্যমে তিনি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিত মুখ। এর আগে ২০১৬ সালে এনটিভিতে প্রচারিত ‘মেঘবালিকা নাটকে অভিনয় করলেও ‘গুলশানের চামেলি’-ই হতে যাচ্ছে তার প্রথম বাংলাদেশি চলচ্চিত্র।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর