ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শিক্ষার্থীদের আন্দোলনের প্রশংসা করে তিনি বলেছেন, নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বর্তমান সরকারকে সরিয়ে দেওয়ার সময় এসেছে।
শনিবার (২৫ জুলাই) নয়াদিল্লির ১০ জনপথে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল গান্ধী। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি সারা দেশের শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, গণতন্ত্র, সংবিধান ও নিজেদের ভবিষ্যৎ রক্ষায় তারা যে সাহসিকতা দেখিয়েছে, তা প্রশংসার দাবিদার।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ভারতের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের পথে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করে রাহুল বলেন, শিক্ষার্থীদের ঐক্য ও দৃঢ় অবস্থানের ফলেই এই পরিবর্তন সম্ভব হয়েছে। তিনি অভিযোগ করেন, আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর চাপ ও দমন-পীড়ন চালানো হয়েছে।
তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগেই সব সমস্যার সমাধান হয়নি বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা। তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও সম্মানের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। পাশাপাশি আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।
রাহুল গান্ধী দেশের কৃষক, শ্রমিক, দরিদ্র এবং সরকারের নীতিতে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতিও সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, নিজের অধিকার ও মর্যাদা রক্ষায় সাংবিধানিক পথে দৃঢ় থাকা প্রকৃত সাহসের পরিচয়। ভয় না পেয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বর্তমান সরকারকে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।