শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট! দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শরীয়তপুরের প্রবাসীকে গুলি করে হত্যা সৌদি আরবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আরামকো ও বিমানবন্দরে হামলার দাবি হুথিদের সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ : আইএসপিআর প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত এসএসসিতে ঢাকা ও ময়মনসিংহ বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ এইচএসসির ফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবর ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২

পরপর দুই পুরস্কারে উচ্ছ্বসিত তমা মির্জা

বিনোদন ডেস্ক: 
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৫ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জার ক্যারিয়ারে যোগ হলো আরও দুটি সম্মাননা। চরকির ওয়েব ফিল্ম ‘আমলনামা’য় অভিনয়ের জন্য ব্লেন্ডার্স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৫-এর সমালোচক বিভাগে সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন তিনি। এর এক দিন পর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ডেও পুরস্কৃত হন এই অভিনেত্রী।

২০১৫ সালে ‘নদীজন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি পান তমা। এরপর চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি। ‘সুড়ঙ্গ’, ‘ফ্রাইডে’, ‘বুকের মধ্যে আগুন’ ও ‘দাগি’র মতো কাজেও দর্শকের নজর কেড়েছেন এই অভিনেত্রী। বিশেষ করে ‘আমলনামা’য় পারভীন চরিত্রে তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে সমালোচক ও দর্শকদের কাছ থেকে।

‘আমলনামা’র জন্য পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে তমা মির্জা বলেন, “আমলনামার জন্য পুরস্কার পেয়ে ভীষণ ভালো লাগছে। অনেক খুশি আমি। যারা আমলনামা দেখেছেন, সবাই খুব প্রশংসা করেছেন। সবার কাছ থেকে ইতিবাচক মন্তব্য পেয়েছি। চরিত্রটিতে অভিনয় করার অনেক সুযোগ পেয়েছিলাম। খুব ভালো একটি কাজ ছিল।”

ডেইলি স্টার ওটিটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান শেষে মধ্যরাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন তমা। সেখানে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিয়ে আরও একটি সম্মাননা অর্জন করেন তিনি। পরপর দুটি পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করে অভিনেত্রী বলেন, “পরপর দুটি পুরস্কার পেয়ে অনেক ভালো লেগেছে। ঢালিউড অ্যাওয়ার্ড যারা দিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা।”

অভিনয়শিল্পী হিসেবে নিজের দায়িত্ববোধের কথাও তুলে ধরেছেন তমা। তাঁর ভাষ্য, একজন শিল্পী হিসেবে নিজের ভেতরে ভালো ও মানসম্পন্ন কাজ করার দায়বদ্ধতা অনুভব করেন তিনি। ইতোমধ্যে বেশ কিছু ভালো কাজের সঙ্গে যুক্ত হতে পেরেছেন বলেও জানান। আগামী দিনগুলোতে বেছে বেছে এমন গল্প ও চরিত্রে অভিনয় করতে চান, যেখানে নিজের অভিনয়দক্ষতা প্রকাশের যথেষ্ট সুযোগ থাকবে।

তমা বলেন, “সত্যি কথা বলতে, অভিনয়শিল্পী হিসেবে নিজের ভেতরে একটা দায়বদ্ধতা কাজ করে। সেই দায়বদ্ধতা হচ্ছে ভালো কাজ করার, মানসম্পন্ন কাজ করার। বেশ কিছু ভালো ভালো কাজ আমি করেছি। যে কারণে এখন ভালো কাজ দিয়েই আগামীর দিনগুলো পার করতে চাই। বেছে বেছে সুন্দর সুন্দর কাজ করতে চাই, যেখানে অভিনয় করার সুযোগ পাব। আশা করছি, সামনে কিছু ভালো কাজের খবর দিতে পারব। সেভাবেই এগোচ্ছি।”

অভিনয়ের বাইরে নতুন পেশাগত পরিচয়ও গড়ে তুলছেন তমা মির্জা। গত কয়েক মাস ধরে একটি বেসরকারি ব্যাংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস বিভাগে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন তিনি। নতুন এই কর্মজীবন উপভোগ করছেন জানিয়ে অভিনেত্রী বলেন, অভিনয়জীবনের বাইরে এটি তাঁর জন্য সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা। নিয়ম মেনে অফিস করা এবং নতুন সহকর্মীদের সঙ্গে কাজ করাও তাঁর কাছে ভালো লাগছে। নতুন পরিচয়টি সুন্দরভাবে গড়ে তুলতে চান তিনি।

‘আমলনামা’র পরিচালক রায়হান রাফীর কাজের প্রশংসা করে তমা বলেন, নির্মাতা অত্যন্ত যত্ন নিয়ে ওয়েব ফিল্মটি তৈরি করেছেন। তাঁর মতে, রায়হান রাফীর পরিচালনায় বরাবরই ভিন্নতার ছাপ থাকে; ‘আমলনামা’তেও সেই সৃজনশীলতা ও মেধার পরিচয় পাওয়া গেছে।

দুটি পুরস্কার অর্জনের পর নতুন উদ্যমে সামনে এগিয়ে যেতে চান এই অভিনেত্রী। দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসাকে সঙ্গে নিয়ে আগামী দিনগুলোতেও মানসম্মত কাজের মাধ্যমে নিজের অভিনয়জীবন সমৃদ্ধ করার প্রত্যাশা তাঁর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর