নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের কাঁচাবাজার ও নতুন কাঁচাবাজারে দোকানের সংখ্যা ছিল প্রায় ৭০০। আজ বৃহস্পতিবার (১৪ই সেপ্টেম্বর) ভোরে লাগা আগুনে মার্কেটে চার শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ব্যবসায়ীরা জানান, মার্কেটের হক বেকারিতে আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ে একে একে অন্যান্য দোকানগুলোয় লাগে।
ভোর ৩টা ৪৩ মিনিটে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে একটি ইউনিট এলেও মার্কেট বন্ধ থাকায় সেটির সদস্যরা ভেতরে ঢুকতে পারেনি। যে কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।
কৃষি মার্কেটের এক কাপড়ের বিক্রেতা জানান, তার দোকানে পাঁচ লাখ টাকার মালামাল ছিল। কিছুই বের করতে পারেননি। মার্কেটের পাশে যাদের দোকান ছিল তারা কিছু মালামাল বের করতে পারলেও ভেতরের দিক থেকে কেউ কিছু বের করতে পারেনি।
আরেক জুতা ব্যবসায়ী বলেন, প্রথমে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে ঢুকতে পারলে আগুনে চার-পাঁচশ দোকান পুড়তো না। ব্যবসায়ীদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। দোকান থেকে কিছুই বের করতে পারেনি তারা।
এদিকে, আগুনের ঘটনায় ১৮টি স্বর্ণের দোকান পুড়ে গেছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে প্লাস্টিকের মালামাল, ক্রোকারিজ ও ব্যাগের দোকানগুলো।