গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপি কর্মসূচির আওতায় রাজবাড়ীর গোয়ালন্দে খাল পুনঃ খনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেল সাড়ে চারটার দিকে উজানচর ইউনিয়ন পরিষদের অধিনস্ত গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় হতে বিশ্বনাথ পাড়া বেড়িবাঁধ অভিমূখী ১.৬৮০ কি: মি: দৈর্ঘ্য এবং উজানচর হাবিল মন্ডল পাড়া কালামের বাড়ি হতে ফৈজদ্দিন মাতব্বর পাড়া সলিম মাতুব্বরের বাড়ি অভিমুখী ০.৯৩০ কি: মি: খাল পুনঃ খনন কাজের শুভ উদ্ভোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী- ১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৫-২০২৬ অর্থ বছরে বিশ্বনাথ পাড়া বেড়িবাঁধ অভিমূখী ২১ লাখ ৬৭ হাজার ১৭২ টাকা ব্যয় এবং হাবিল মন্ডল পাড়া হতে ছলিম মাতুব্বরের বাড়ি অভিমুখী ২৭ লাখ ৭ হাজার ৮৯০ টাকা ব্যয়ে এ খাল পুনঃ খননের কাজ সম্পন্ন করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
খাল খনন উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী খালের আশেপাশে ফলদ ও বনজ ওষুধী গাছ রোপণ করেন।
এসময় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তির প্রকল্প হচ্ছে এই খাল খনন কর্মসূচীর মাধ্যমে কৃষকরা তাদের জমিতে সেচের জন্য পর্যাপ্ত পানি পাবে, পাট মৌসুমে পাট জাগ দিতে পারবে। এছাড়াও মাছ চাষ সহ বিভিন্ন ভাবেই খালের পানি উপকারে আসবে। গোয়ালন্দে আজকের এই দুটি খাল খননের মধ্য দিয়ে রাজবাড়ী জেলায় এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে এ জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ খাল এই কার্যক্রমের আওতায় আনা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজবাড়ীতে পদ্মা ব্যারেজ নির্মাণের প্রকল্পটি বুধবার একনেকে সভার কার্যতালিকায় অন্তর্ভুক্ত রয়েছে, আশা করি একনেকে পদ্মা ব্যারেজ প্রকল্পটি অনুমোদন পাবে। পাশাপাশি দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে মেগা প্রকল্পটিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। উভয় প্রকল্পের ব্যাপারেই মাননীয় প্রধানমন্ত্রী স্বদিচ্ছা রয়েছেন, প্রকল্প দুটি বাস্তবায়ন হলে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের আর্ত সামাজিক, কৃষি, শিল্প, যোগাযোগ সহ সকল ক্ষেত্রে উন্নয়ন সাধিত হবে।