প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি পালনের অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দে আঃ হালিম মিয়া কলেজের উদ্যোগে বৃক্ষ রোপন, চারা বিতরণ, রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে চারটায় পৌরসভা ৮ নং ওয়ার্ডে অবস্থিত আব্দুল হালিম মিয়া কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক মিজ আফরোজা পারভীন।
“বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়” স্লোগানকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কলেজ কতৃপক্ষ এ কর্মসূচির আয়োজন করে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস। সভাপতিত্ব করেন আব্দুল হালিম মিয়া কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর ফকীর মোহাম্মদ নুরুজ্জামান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ মোছাঃ বিলকিস বেগম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা।
প্রধান অতিথি জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, সরকার ঘোষিত বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নে আজকের এই আয়োজন। সকল উপজেলা , শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষ রোপণ করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনে বৃক্ষ রোপণ করা অতীব জরুরি।
তিনি আরো বলেন, বৃক্ষ আমাদেরকে জীবন রক্ষাকারী অক্সিজেন দিয়ে জীবন রক্ষা করে। সেইসাথে কার্বনডাইঅক্সাইড গ্রহন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এ ছাড়া বৈশ্বিক উঞ্চতা নিরসনে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের সবাইকে বেশি করে বৃক্ষ রোপণ ও তার পরিচর্যা করতে হবে।
এ সময় জেলা প্রশাসক উপস্হিত শিক্ষার্থীদের সুন্দর জীবন গঠনে বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন।