বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ রেজুপাড়া বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৪২ থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বরইতলী এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় থাকা একটি বস্তা থেকে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান আশিক বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি অত্যন্ত তৎপর রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক নির্মূল ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সীমান্তকে নিরাপদ রাখতে আমাদের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
স্থানীয় সচেতন মহলের মতে, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচারকারীরা বিভিন্ন কৌশলে ইয়াবা দেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। তবে বিজিবির ধারাবাহিক অভিযানে পাচারকারীদের তৎপরতা অনেকাংশে ব্যাহত হচ্ছে। উদ্ধার হওয়া ইয়াবার চালানের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। স্থানীয়দের দাবি, এসব অভিযানের কারণে সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থা তৈরি হয়েছে।