জানুয়ারি মাসে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত যেন হয় সেই টার্গেট রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বুধবার বিকেলে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইইউটির এক্সেলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান।শিক্ষামন্ত্রী বলেন, ‘সেশনজট যেন বন্ধ হয়ে যায়, আমরা সেভাবেই বিশ্ববিদ্যালয় ভর্তি চালু করব।’
তিনি বলেন, ‘আমাদের টার্গেট হচ্ছে একাডেমিক ক্যালেন্ডার শেষ হতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। কিন্তু এটা সম্ভব হচ্ছে না। তাই আমরা আস্ত আস্তে সমন্বয় করছি। আমাদের বুঝতে হবে ১৬ বছরে এসএসসি শেষ করতে হয়। দ্বাদশ শেষ করতে হয় ১৮ বছরে। কিন্তু আমরা শেষ করি ১৭ বছরে এসএসসি ও ২০ বছরে এইচএসসি। এতে সব মিলিয়ে অন্তত ৪০ লাখ শিক্ষার্থীর জীবন থেকে ৪০ লাখ বছর হারিয়ে যাচ্ছে।’এহসানুল হক মিলন বলেন, ‘আমাদের কারিকুলামের জন্য এক্সট্রা বছর যেন হারিয়ে না যায় সেই চেষ্টা আমরা করছি।’
এ সময় প্রধান অতিথি আইইউটির মানসম্মত গ্র্যাজুয়েট তৈরিতে ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন এবং দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় উৎকর্ষতা অর্জনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে একাডেমিক উৎকর্ষতা, গবেষণায় সাফল্য এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য নির্বাচিতদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।