শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৩ টাইম ভিউ
প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব
ছবি-সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশ হলেও সফরটি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। শুক্রবার (২১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর বরাতে রয়টার্স জানায়, ২৩ থেকে ২৫ আগস্ট দিল্লি সফর করতে পারেন তারেক রহমান। তবে রয়টার্সকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেছেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ।

ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর এটি হতে পারে তারেক রহমানের প্রথম ভারত সফর। দুই দেশের সম্পর্কের টানাপড়েন কাটিয়ে উঠতে কয়েক সপ্তাহ ধরে সম্ভাব্য এ সফর নিয়ে আলোচনা চলছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়ার পর বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপড়েন তৈরি হয়। সেই পরিস্থিতির মধ্যেই তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের বিষয়টি সামনে এসেছে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে ভারতকে একাধিকবার অনুরোধ করেছে ঢাকা। অন্যদিকে ভারত জানিয়েছে, প্রত্যর্পণের বিষয়টি তারা পরীক্ষা করছে। এ প্রসঙ্গে সালেহ শিবলী বলেন, শেখ হাসিনা ও অন্য পলাতক আসামিদের প্রত্যর্পণের বিষয়ে দিল্লির জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকেও প্রধানমন্ত্রীর সফর নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, সফর নিয়ে ভারতের পক্ষ থেকে বলার মতো কোনো মন্তব্য নেই।

এদিকে তারেক রহমানের ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে ভারতের রাষ্ট্রপতি ভবন একটি বিজ্ঞপ্তি প্রকাশের পর সেটি আবার প্রত্যাহার করে নেয়। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে দুই দেশের টানাপড়েনের মধ্যেই এ ঘটনায় সফর নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ক্ষমতায় আসার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে তারেক রহমানের সরকার। এরই মধ্যে ফেব্রুয়ারির নির্বাচনের পর ভারত সরকার তাকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানায়।

এ ছাড়া সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি ওই আয়োজনে অংশ নেবেন কি না, সে বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো ঘোষণা আসেনি।

গত ১৪ আগস্ট ঢাকা ও দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক সূত্রগুলো সম্ভাব্য সফরের তারিখ ২২-২৩ আগস্ট হতে পারে বলে জানিয়েছিল। তবে তখন প্রধানমন্ত্রী কার্যালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। পরে ভারতীয় সংবাদমাধ্যমে তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। সরকারি সূত্রগুলো জানিয়েছিল, সফরের জন্য নীরবে প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছিল। এর আগে ১০ আগস্ট প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকও সম্ভাব্য সফরের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে ধারণা করা হয়।

তবে শেখ হাসিনার প্রত্যর্পণসহ কয়েকটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা এখনও গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে। ফলে সম্ভাব্য দিল্লি সফরের তারিখ ও কর্মসূচি নিয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয়, সেটিই এখন দেখার বিষয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর