বিরোধীদলীয় নেতারা শেখ হাসিনার ভাষায় কথা বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন বিরোধীদলীয় নেতারা যে ভাষায় কথা বলছেন ‘৫ বছর ক্ষমতায় থাকতে দেব না’ ঠিক একই ধরনের কথা শেখ হাসিনাও বলতেন। সোমবার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ১৯৯১ সালে আওয়ামী লীগ বলেছিল, সরকারকে একটি মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে দেবে না। বর্তমান বিরোধীদলের নেতারাও এখন একই ধরনের ভাষায় কথা বলতে শুরু করেছেন।
তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদের বাস্তবায়ন চায় না এমন ধারণা ভুলভাবে প্রচার করা হচ্ছে। ঐকমত্য কমিশন গণভোটের একটি প্রশ্ন চাপিয়ে দিয়েছে, যা জাতির সঙ্গে প্রতারণার শামিল। বিএনপি যেসব বিষয়ে একমত নয়, সেগুলো স্পষ্টভাবে জানিয়েছে। তবে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশ বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, রাজপথে বিরোধীদলের নেতারা যে ভাষায় কথা বলছেন, তা ঠিক নয়। আন্দোলন করা তাদের গণতান্ত্রিক অধিকার। তবে সেই আন্দোলন যেন কোনোভাবেই সংঘাতের দিকে না যায়।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী প্রতিনিয়ত জনগণের কল্যাণে কাজ করছেন। এ অবস্থায় সরকারকে সহযোগিতা করার পরিবর্তে শুধু নেতিবাচক প্রচারণা চালানো হলে দেশের অগ্রযাত্রা ব্যাহত হবে। দেশের স্বার্থে সংঘাত নয়, সহনশীলতা ও ঐক্যের সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন। গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। পাশাপাশি বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।