যে বাড়িতে কাল পর্যন্ত ছিল বিয়ের উৎসবের আমেজ, আজ সেখানে শুধুই কান্নার রোল। নববধূকে বরণ করে নিতে সব প্রস্তুতি সেরে রেখেছিলেন শ্বশুরবাড়ির স্বজনেরাও। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়া হলো না আর, পথেই দুর্ঘটনার শিকার হয়ে ফিরলেন লাশ হয়ে।
এক সড়ক দুর্ঘটনাই কেড়ে নিল ১৪টি প্রাণ, যার মধ্যে রয়েছেন নববধূসহ একই পরিবারের তিনজন। বৃহস্পতিবার (১২ মার্চ) বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় খুলনার কয়রা উপজেলার নববধূ মিতুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- উপজেলার আমাদী ইউনিয়নের নাকসা গ্রামের ছালাম মোড়লের মেয়ে নববধূ মার্জিয়া আক্তার মিতু (১৮), তার ছোট বোন লামিয়া (১১) এবং মিতুর দাদি রাশিদা বেগম (৭৫)। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শুক্রবার ভোর সাড়ে ৪টায় নববধূসহ তিনজনের লাশ পৌঁছায় তাদের বাড়িতে। এরপর থেকে পাগলপ্রায় মিতুর বাবা-মা ও স্বজনেরা। কান্না আর আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো এলাকা।