ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব শাইখ আহমাদুল্লাহ। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে মানবিক সেবা, কর্মসংস্থান, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ উন্নয়নমূলক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মাননীয় চীফ হুইপের ভাতিজা এবং দৈনিক সময়ের আওয়াজ-এর হেড অব নিউজ জাবের আহমেদ রাইয়ান।
আলোচনায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের চলমান বিভিন্ন মানবিক, শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরা হয়। পাশাপাশি উপকূলীয় জেলা বরগুনায় ফাউন্ডেশনের কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা উপস্থাপন করা হয়। বিশেষ করে গ্রামীণ ও চরাঞ্চলের অসহায়, সুবিধাবঞ্চিত এবং বেকার জনগোষ্ঠীর জন্য কারিগরি ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের মাধ্যমে স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের আত্মনির্ভরশীল করে তোলার বিভিন্ন উদ্যোগ নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়।
এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের চলমান ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচিকে বরগুনাসহ উপকূলীয় এলাকায় আরও বিস্তৃত ও গতিশীল করার বিষয়েও মতবিনিময় হয়।শাইখ আহমাদুল্লাহ সমাজ সংস্কার, মানবিক উন্নয়ন এবং টেকসই কর্মসংস্থানভিত্তিক বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন চীফ হুইপ নূরুল ইসলাম মণি। তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে গৃহীত এসব কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক ও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ বৈঠকের মাধ্যমে সরকারি সহযোগিতা ও বেসরকারি মানবিক উদ্যোগের সমন্বয়ে বরগুনাসহ উপকূলীয় অঞ্চলে কর্মসংস্থান, সবুজায়ন এবং সামাজিক উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।