অনেক জল্পনা-কল্পনার পর রিয়াল মাদ্রিদে পাড়ি জমাতে চলেছেন কিলিয়ান এমবাপ্পে। গত ফেব্রুয়ারিতে মৌখিকভাবে রিয়ালে আসার সিদ্ধান্ত নেন ফরাসি স্ট্রাইকার। এরপর মে মাসে মৌসুম শেষে পিএসজি ছাড়ছেন সেই ঘোষণাও দেন বিশ্বকাপজয়ী এই তারকা। রিয়াল কিংবা এমবাপ্পে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ইউরোপের গণমাধ্যমগুলো বলছে, ইতোমধ্যে রিয়ালের চুক্তিপত্রে সই করেছেন এমবাপ্পে।
আগামী এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দেবে রিয়াল, এমন খবর দিয়েছে বিবিসি। ইউরো চ্যাম্পিয়নশিপের পর সান্তিয়াগো বার্নাব্যুতে জমকালো আয়োজনে এমবাপ্পেকে দর্শকদের সামনে প্রেজেন্ট করা হবে।
বিবিসি বলছে, পাঁচ বছরের চুক্তি রিয়ালে নাম লিখিয়েছেন এমবাপ্পে। বার্ষিক ১৫ মিলিয়ন ইউরো বেতন পাবেন রিয়াল থেকে।
এছাড়া সাইনিং বোনাস হিসেবে পাবেন ১৫০ মিলিয়ন ইউরো। ইমেজ রাইটস থেকেও অর্থ পাবেন এমবাপ্পে। ২০১৭ সালে মোনাকো থেকে ধারে পিএসজিতে আসেন এমবাপ্পে। ৬ বছরে দলটির হয়ে সর্বোচ্চ ২৫৬ গোল করেছেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।
এদিকে রিয়ালের সঙ্গে আরও এক মৌসুমের জন্য মেয়াদ বাড়িয়ে নিচ্ছেন লুকা মডরিচ। ৩৮ বছর বয়সী ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার গতকাল রিয়ালের জার্সিতে ষষ্ঠ চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন।