বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ীর দুটি, পঞ্চগড়ের একটিসহ তিন হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ তাঁকে জামিন দেন।
জামিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন। আইনজীবী মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, তিন মামলায় নূরুল ইসলাম সুজনের জামিন প্রশ্নে রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট জামিন দিয়েছেন।
এর আগে এই তিন মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে বিফল হয়ে পরে হাইকোর্টে আবেদন করেন নূরুল ইসলাম সুজন। পঞ্চগড়ের হত্যা মামলায় গত বছরের ৩১ জানুয়ারি ও যাত্রাবাড়ী থানার দুই মামলায় ১ সেপ্টেম্বর হাইকোর্ট তাঁর জামিন প্রশ্নে রুল জারি করেন।