সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৭ টাইম ভিউ
বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার বৃষ্টির মধ্যে বিভিন্ন সময়ে বজ্রপাত হলে তারা মারা যান। এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ ও জামালপুরে দুইজন করে এবং পঞ্চগড়, বগুড়া ও নাটোরে একজন করে মারা গেছেন। এদিন ঢাকাসহ রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টির সঙ্গে বজ্রপাত ছিল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির সঙ্গে বজ্রপাতের এই পরিস্থিতি চলতি মাসের বাকি দিনগুলোতেও অব্যাহত থাকতে পারে।

গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটায় পাঁচজনের মৃত্যু হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা গ্রামে বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাতে ফুয়াদ চৌধুরী (১০), রাফি চৌধুরী (১৫) ও মিজান মিয়া (২০) ঘটনাস্থলে মারা যান।ধোপাডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান মণ্ডল জানান, ঘটনায় শামীম মিয়া নামের একজন আহত ও একটি গরু মারা গেছে।

অন্যদিকে, ফুলছড়ি ইউনিয়নের দেলুয়াবাড়ি চরে ঘোড়ার গাড়িতে খড় নেওয়ার পথে মানিক মিয়া (২৫) এবং সাঘাটার হেলেঞ্চা গ্রামে ছাগল দেখতে গিয়ে নম্বর আলী (৬৫) বজ্রপাতে প্রাণ হারান। ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আজহারুল হান্নান ও বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাসিরুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পঞ্চগড়

আটোয়ারী উপজেলার সোনাপাতিলা গ্রামে চা পাতা কাটার সময় বজ্রপাতে সোহরাওয়ার্দী (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোস্তফা ও জাহেরুল ইসলাম নামে আরও দুইজন। আটোয়ারী থানার ওসি মতিয়ার রহমান জানান, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সিরাজগঞ্জ

তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান জানান, বেত্রাশীন গ্রামে মাঠে কাজ করার সময় আব্দুল হামিদ (৫০) মারা যান। রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান জানান, বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হাসান আলীকে (২৪) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামালপুর

জামালপুর সদর ও মেলান্দহে বজ্রপাতে দুইজন মারা গেছেন বলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ইয়াহিয়া আল মামুন জানিয়েছেন। সদরের চরযথার্থপুর এলাকায় মাঠ থেকে গরু আনতে গিয়ে হাসমত আলী (৪৫) এবং মেলান্দহের কড়ইচুড়া গ্রামে উঠানে রান্না করার সময় মর্জিনা আক্তার (২১) মারা যান। ঘটনায় শেফালী বেগম নামে আরও এক গৃহবধূ আহত হয়েছেন।

বগুড়া

গাবতলী উপজেলার মুচিখালী গ্রামে বৃষ্টির মধ্যে ছাগল আনতে গিয়ে সুমন (৩৫) নামে এক যুবক মারা গেছেন। গাবতলী থানার পরিদর্শক (তদন্ত) আবু মুসা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।

নাটোর

সিংড়া উপজেলার ঠেংগা পাকুরিয়া গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে সম্রাট হোসেন (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে ধান কাটতে এসেছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও

পীরগঞ্জ উপজেলার নিয়ামতপুরে ঘাস কেটে বাড়ি ফেরার পথে লাবণী আক্তার (৩৫) এবং কোষাডাঙ্গীপাড়ায় জমিতে ফসল দেখতে গিয়ে ইলিয়াস আলী (৩৭) বজ্রপাতে মারা যান। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, এসব ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর