বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ আর পঞ্চম টি-টোয়েন্টির মাঝে বিরতি মাত্র একদিন। সিরিজ জয় নিশ্চিত করা বাংলাদেশ টানা চার ম্যাচ জেতায় আগামীকাল শেষ ম্যাচের আগে আজ আর অনুশীলনের সূচি রাখেনি। টিম হোটেলে বিশ্রামে দিন কাটান ক্রিকেটার, কোচিং স্টাফের সদস্যরা। তবে ব্যতিক্রম স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
দুপুর মিরপুর স্টেডিয়ামে হাজির পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার।
মুশতাক কেন মিরপুরে সেটা জানতে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। মুশতাকের আসার অপেক্ষায় মিরপুর স্টেডিয়ামে ইনডোরে অপেক্ষায় ছিলেন ১৭ জন উঠতি লেগ স্পিনার। তাদের নিয়ে প্রায় ৩ ঘণ্টার একটি অনুশীলন সেশন করেন মুশতাক।
এখানে এসব তরুণ লেগিদের বোলিং টেকনিক নিয়ে কাজ করেন তিনি। ভাগাভাগি করেছেন নিজের অভিজ্ঞতা।
এই ১৭ জন ক্রিকেটার বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের তত্ত্বাবধানে আছেন। কিছুদিন আগে রংপুর, ফরিদপুর, রাজশাহীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৮০ জন লেগ স্পিনার খুঁজে বের করেন বিসিবির গেম ডেভেলপমেন্টের বিভাগের লেগ স্পিন বোলিং কোচ শাহেদ মেহমুদ।
সেই ৮০ জন থেকে যাচাই-বাছাইয়ের পর ২০ জনকে চূড়ান্ত করেন পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার। তাদের সঙ্গে বিসিবি বিভিন্ন বয়সভিত্তিক কর্মসূচি থেকে যোগ দেন আরও পাঁচজন লেগ স্পিনার।
সব মিলিয়ে এখন ২৫ জন লেগ স্পিনার নিয়ে একটি ক্যাম্প চলছে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের। এদের মধ্যে অনেকে ছুটিতে থাকায় যে ১৭ জন উপস্থিত ছিলেন তাদের নিয়ে আজ একটি সেশন পরিচালনা করেন মুশতাক।
এনিয়ে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগে ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার বলেন, ‘আজ জাতীয় দলের অনুশীলন না থাকায় মুশতাক জানান তিনি সময় দিতে পারবেন।
তাই তাকে নিয়ে একটি সেশন করা হলো। আশা করি এতে উঠতি লেগ স্পিনাররা কিছু শিখতে পারবে। মুশতাক জাতীয় দল নিয়ে ব্যস্ত। তাকে হয়তো আর পাওয়া যাবে না। এজন্যই আজ এই সেশনটি করা হয়েছে।’