রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এই ঘটনা ঘটে। এতে ইউসুফ নামের এক কর্মী আহত হন। সরেজমিনে দেখা যায়, কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপির ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল। একই সময় ভবনের দ্বিতীয় তলায় মোহাম্মদপুর ও বংশাল থানার এনসিপি নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে তা সংঘর্ষে রূপ নেয়।
বংশাল থানা এনসিপির এক নেতা সৌরভ জানান, “দুই মাস আগে ব্যবসার কাজে আমি মোহাম্মদপুরে গিয়েছিলাম। তখন বংশাল থানার নেতা ইমতিয়াজ আমার সঙ্গে ছিলেন। মোহাম্মদপুরের এনসিপি নেতা রিয়ান আমাদের কাছ থেকে দুই লাখ টাকা নিয়েছিলেন, কিন্তু এখন তা ফেরত দিচ্ছেন না। বিষয়টি আমরা আগেই উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে জানিয়েছিলাম।”
তিনি আরও বলেন, “আজ সমন্বয় সভায় রিয়ানের সঙ্গে দেখা হলে আমরা টাকা চাই। কিন্তু তিনি দিতে অস্বীকৃতি জানান। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আমাদের ওপর হামলা চালায়, আমরা পাল্টা প্রতিরোধ করি।”
পরে উপস্থিত নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, তবে ঘটনাস্থলে উত্তেজনা কিছু সময় স্থায়ী ছিল।