টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর বেশি সময় বাকি নেই। ১ জুন যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজে বসবে এবারের আসব। তার আগে আগামী ১ মে-এর মধ্যে আইসিসির কাছে দল জমা দিতে হবে অংশ নিতে যাওয়া সবগুলো ক্রিকেট বোর্ডকে। গতবারের ফাইনালিস্ট পাকিস্তান এবার কেমন দল দেবে সে নিয়ে আগ্রহ আছে সমর্থকদের।
বিশষ করে অবসর ভেঙে ফেরা দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে বিশ্বকাপ দলে দেখা যাবে কিনা সে নিয়ে হচ্ছে আলোচনা।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও সাবেক কোচ ওয়াকার ইউনুস নিজের মতো একটি দল তৈরি করেছেন। যেখানে আমির-ইমাদ দুজনকেই রেখেছেন তিনি। পেস বোলিং ইউনিটে আমিরের সঙ্গে রেখেছেন শাহিন আফ্রিদি ও নাসিম শাহকে।
চোট কাটিয়ে ফিরলে স্কোয়াডে দেখতে চান হারিস রউফকে। তবে চলমান নিউজিল্যান্ড সিরিজে খেলা আব্বাস আফ্রিদি ও জামান খানকে রাখেননি ওয়াকার।
অলরাউন্ডারদের ক্ষেত্রে ওয়াকার গুরুত্ব দিয়েছেন স্পিনে। শাদাব খান ও ইফতিখার আহমেদের সঙ্গে রেখেছেন ইমাদকে।
রিস্ট স্পিনের জন্য রেখেছেন আবরার আহমেদ ও উসামা মীরকে। ব্যাটিং বিভাগে ওয়াকার রেখেছেন সাইম আইয়ুব, ফখর জামান, আজম খান, উসমান খানকে। রেখেছেন মোহাম্মদ রিজওয়ানকেও, যিনি চোটে পড়ে বাড়িয়েছেন পাকিস্তানের দুশ্চিন্তা।
ওয়াকারেরর বেছে নেওয়া পাকিস্তানের ১৫ সদস্যের সম্ভাব্য দল : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, আজম খান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফখর জামান, সাইম আইয়ুব, ইমাদ ওয়াসিম, আবরার আহমেদ, উসামা মীর, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির ও হারিস রউফ।