রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

তানজিন তিশার বিরুদ্ধে আরও এক মামলা, তদন্তে পিবিআই

বিনোদন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩ টাইম ভিউ
তানজিন তিশার বিরুদ্ধে আরও এক মামলা, তদন্তে পিবিআই
ছবি- সংগৃহীত

শাড়িকাণ্ডের পর এবার ফেসবুকে আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী।

এসময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)- তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২১ জানুয়ারির মধ্যে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় এতথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বাদীর পক্ষে গত ২৮ অক্টোবর তানজিন তিশাকে আইনি নোটিশও পাঠান তিনি।

বাদীর অভিযোগে বলা হয়, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তানজিন তিশার বিরুদ্ধে বাদীর দায়ের করা দুটি পৃথক মামলা বর্তমানে চলমান রয়েছে। ওই মামলা দায়ের করার পর আসামি প্রতিহিংসার বশবর্তী হয়ে গত ২৭ অক্টোবর তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়াতে থাকেন। এ ছাড়া বাদীর বিরুদ্ধে বিভিন্ন তথ্য দেশের গণমাধ্যমের কাছে ভুলভাবে উপস্থাপন করতে থাকেন। গত বছরের ৭ নভেম্বর তার ফেসবুক মেসেঞ্জার থেকে বাদীর মেসেঞ্জারে কল দিয়ে ভাইরাল করার হুমকি দেওয়ার অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।

সেখানে আসামি বাদীকে হুমকি দিয়ে বলেন, ‘ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে।’ আরও বলা হয়, গত ২৭ অক্টোবর তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ান এবং বাদীর ছবি ফেসবুকে আপলোড দিয়ে সম্মানহানির ঘটনায় লিপ্ত থাকেন। সেখানে আসামি বাদীকে একজন নারীকে চুম্বন করার ছবি বাদীকে না জানিয়ে তার অজান্তে প্রকাশ করেন। এ ছাড়া দুইজন নাবালক শিশুর ছবিও আসামি প্রকাশ করেন।

বাদীর বিষয়ে তিশা বিভ্রান্তিমূলক বক্তব্য প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, ‘সেখানে এ দুজন এক কেন? এই দুই বোনের মিলিত হয়ে এত ঘৃণা কেন? একজনকে তো মামলার আগে দেখিওনি।’

বিষয়টি গত ২৭ অক্টোবর রাত ১১টায় বাদীর নজরে এলে আইনজীবীর মাধ্যমে পরদিন রেজিস্ট্রি ডাকযোগে লিগ্যাল নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশের মাধ্যমে নোটিশ প্রাপ্তির দুই দিনের মধ্যে আপত্তিকর ছবি ও তথ্য অপসারণের অনুরোধ জানানো হয়। তবে লিগ্যাল নোটিশ পাঠানোর দুই দিনের মধ্যেও আসামি সেগুলো অপসারণ করেননি।

তিশা বিভিন্ন ব্যক্তির কাছে বাদীর বিষয়ে বিভিন্ন অদ্ভুত কথা বলে বেড়ান বলেও মামলায় উল্লেখ করা হয়। এ ছাড়া আসামি তার জনপ্রিয়তা ব্যবহার করে ভাইরাল হওয়ার নেশায় বাদী মামলা করেছেন বলে কটূক্তি করেন। এতে বাদীর মানসম্মানের ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এর আগে, ২০২৫ সালের ২৭ নভেম্বর তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে একটি মামলা করেন সানায়া আনাম। পরে গত ২৭ অক্টোবর ওই মামলা প্রত্যাহারে সানায়া আনামকে হুমকি দেওয়ার অভিযোগে আরও একটি মামলা করেন তিনি। ওই মামলায় তানজিন তিশাকে ২৩ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর