সময়ের আওয়াজ অনলাইন : দিনাজপুরের ঘোড়াঘাটে দুই ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুর-ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের টিএনটি মোড়ের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জয়পুরহাট সদর উপজেলার মীরগ্রাম-চৌমুহনী গ্রামের মনতাজ আলীর ছেলে গোলাম রব্বানী (৪৫) এবং একই গ্রামের মৃত কমল উদ্দীনের ছেলে মোহাম্মদ রেজয়ান (৩৪)। নিহত গোলাম রব্বানী ট্রাকচালক এবং রেজয়ান চালকের সহকারী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, দিনাজপুর থেকে ভুট্টা বোঝাই করে একটি ট্রাক গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। একই সময়ে সারবোঝাই অপর আরেকটি ট্রাক বগুড়া থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। ট্রাক দুটি টিএনটি এলাকায় পৌঁছালে সংঘর্ষ হয়। এতে ভুট্টাবোঝাই ট্রাকের চালক ও সহযোগী ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের উদ্ধার করে। অপর ট্রাকের চালক ও সহযোগী তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।