ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে রেকর্ড গড়েছেন দিলারা আক্তার। আবাহনীর এই ব্যাটার বিকেএসপিতে জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাত্র ৫৪ বলে সেঞ্চুরি করেন। যা দেশের ঘরোয়া ক্রিকেটে দ্রুতগতির শতক। দিলারা পেছনে ফেলেন গতবছর ৬৬ বলে করা মোহামেডানের ভারতীয় ওপেনার জেসিয়া আক্তারের রেকর্ড।
নিজের ইনিংসটি ১৩টি চার ও ৫টি ছয়ে সাজান দিলারা।
দিলারার রেকর্ডের ম্যাচে স্বর্ণা আক্তারও সেঞ্চুরি পান। ৯০ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১১৮ রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার। এতে আবাহনী ৬ উইকেটে তোলে ৪০৪ রান।
মেয়েদের লিগ তো বটেই, দেশের ঘরোয়া ক্রিকেটে পঞ্চাশ ওভারের সংস্করণে কোনো দলের এটিই চার শ টপকানোর প্রথম ঘটনা। এতে আবাহনী ভাঙে চলতি লিগে গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে করা মোহামেডানের ৩৯২ রানের রেকর্ড। তবু মেয়েদের পঞ্চাশ ওভারের ক্রিকেটে বিশ্ব রেকর্ড থেকে অনেক দূরে আবাহনী। ২০০৭ সালে শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে পুষ্পাদানা লেডিসের বিপক্ষে ৪ উইকেটে ৬৩২ রান করেছিল কান্দিয়ান লেডিস ক্রিকেট ক্লাব।
আজ বিকেএসপিতে রান তাড়ায় নামা জাবিদ আহসানকে মাত্র ৩৬ রানে গুটিয়ে দেন আবাহনীর বোলাররা। তাদের ৩৬৮ রানের জয়টিও মেয়েদের লিগে রানের ব্যবধানে সবচেয়ে বড়।
আবাহনীর কাছে রেকর্ড হারালেও লিগের আরেক ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রকে ১০ উইকেটে হারিয়ে সাত রাউন্ডে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে মোহামেডান। কলাবাগানের ১৬৩ রানের লক্ষ্য ১৬৬ বল হাতে রেখে টপকে যায় মোহামেডান। লিগের আরেক ম্যাচে সিটি ক্লাবকে ৮ উইকেটে হারায় বিকেএসপি।