বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে দেশীয় জ্বালানির চাহিদা মেটাতে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। ভারত থেকে আসা এই ডিজেলের চালানটি দিনাজপুরের পার্বতীপুরে পদ্মা অয়েল পিএলসির ডিপোতে পৌঁছেছে।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানান, গত ৭ এপ্রিল মধ্যরাতে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিং শুরু হয় এবং শুক্রবার মধ্যরাতে পুরো চালানটি পার্বতীপুর ডিপোতে পৌঁছায়। বর্তমানে আমদানিকৃত এই ডিজেল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভারত থেকে ডিজেল আমদানি একটি নিয়মিত প্রক্রিয়া। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী ১৭ এপ্রিল আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। পদ্মা অয়েল পিএলসির পার্বতীপুর ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) মো. আহসান হাবিব চৌধুরী নিশ্চিত করেছেন যে, নতুন এই চালানের ফলে ডিপোতে এখন পর্যাপ্ত ডিজেল মজুত রয়েছে।
উল্লেখ্য, গত মার্চ মাস থেকে এ পর্যন্ত চার দফায় মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছেছে। ২০২১ সাল থেকে আসামের নুমালিগড় রিফাইনারি থেকে নিয়মিতভাবে এই পরিশোধিত ডিজেল আমদানি করে আসছে বাংলাদেশ।