সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে আলাদাভাবে নজর কেড়েছিলেন বাংলাদেশের স্পিনাররা। বিশেষ করে লেগ-স্পিনার রিশাদ হোসেনের পারফরম্যান্স ক্রীড়াপ্রেমীদের আলাদা নজর কেড়েছিল। টাইগার স্পিনারদের এমন সাফল্যের পেছনে অগ্রণী ভূমিকা রেখেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মুশতাক আহমেদ। তবে মুশতাককে ধরে রাখতে ব্যর্থ হচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা-বিসিবি।
তাকে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইসিবি। চলতি মাসেই শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে যুবাদের সঙ্গে কাজ শুরু করবেন তিনি।
সোমবার (০৮ জুলাই) বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর ভাষ্য, আগে থেকেই ইংল্যান্ডসহ আরও কিছু চুক্তি করা ছিল মুশতাক আহমেদের।
তিনি আরও বলেন, ‘আগে থেকেই তার কিছু চুক্তি করা ছিল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডসহ এর বাইরে আরও কিছু চুক্তি তার করা আছে। মুশতাকের সঙ্গে আজকেও কথা হয়েছে। উনার ডিসেম্বর পর্যন্ত আগের কিছু চুক্তি করা আছে।’
এদিকে তাকে নিয়ে এখনও আশাবাদী বিসিবি। এ প্রসঙ্গে প্রধান নির্বাহী বলেন, ‘আমরা তার ব্যাপারে আগ্রহী। যেহেতু তার দিক থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছি, আমরা আপাতত তাকেই বিবেচনা করছি। তার সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি চুক্তির ব্যাপারেও কথা হচ্ছে।’