চলতি বছরের হজে বাংলাদেশের সুশৃঙ্খল ও দক্ষ হজ ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেছেন সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ। একই সঙ্গে তিনি বাংলাদেশের এই সফলতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।
বুধবার (১০ জুন) সৌদি আরবের রিয়াদে ‘দ্য পিলগ্রিমস এক্সপেরিয়েন্স প্রোগ্রাম সেন্টারে’ বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই প্রশংসা করেন। ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সৌদি হজমন্ত্রী বাংলাদেশের বর্তমান হজ ব্যবস্থাপনার চমৎকার সমন্বয়ের প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে বৈশ্বিক হজ ব্যবস্থাপনার আরও উন্নয়নে বাংলাদেশের অভিজ্ঞতা ও সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি আগামী ২০২৭ সালের হজ প্রক্রিয়াকে আরও আধুনিক ও সহজ করতে সৌদি সরকারের নেওয়া বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
অন্যদিকে, হজের সার্বিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও অভূতপূর্ব উন্নয়নের জন্য সৌদি সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। এবারের হজে হাজিদের নিরাপত্তা নিশ্চিত করা, নিখুঁত যান চলাচল নিয়ন্ত্রণ, উন্নত ভিড় ব্যবস্থাপনা এবং মাশায়েরে মানসম্মত হাজি সেবা প্রদানের মাধ্যমে চমৎকার পরিবেশ তৈরি করায় তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং সৌদি হজমন্ত্রীকে ধন্যবাদ জানান।
ধর্মমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ হিসেবে হজ ব্যবস্থাপনার ধারাবাহিক উন্নয়নে বাংলাদেশ সব সময় সৌদি সরকারের পাশে থাকবে এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখবে। উচ্চপর্যায়ের এই দ্বিপক্ষীয় বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন, জেদ্দার কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।